বোয়িং ৭৩৭ ম্যাক্সে ফের বড় গোলযোগ! অবতরণের সময় অটো পাইলট বন্ধ হওয়ার আশঙ্কা
বোয়িং জানিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে অবতরণের সময় বিমানের অটোপাইলট মোড বিচ্ছিন্ন হয়ে যেতে পারে
Truth of Bengal: বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের অটোমেটেড ফ্লাইট গাইডেন্স সিস্টেমে একটি সফটওয়্যার-সংক্রান্ত সমস্যার কথা সামনে এসেছে। বোয়িং জানিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে অবতরণের সময় বিমানের অটোপাইলট মোড বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিশেষ করে ‘গো-অ্যারাউন্ড’-এর পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময়ে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।সংস্থার বক্তব্য, কোনও বিমান অবতরণের চেষ্টা করার পর পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত বাতিল করে ফের আকাশে উঠে দ্বিতীয়বার ল্যান্ডিংয়ের চেষ্টা করলে সমস্যাটি তৈরি হতে পারে। দ্বিতীয় দফায় অবতরণের আগে পাইলট যদি নির্ধারিত ফ্লাইট-পথ বা উচ্চতায় পরিবর্তন আনেন, তা হলে স্বয়ংক্রিয় ফ্লাইট গাইডেন্স ব্যবস্থার কিছু অংশের কার্যকারিতা কমে যেতে পারে বা সেটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
তবে বোয়িং স্পষ্ট করেছে, এর অর্থ এই নয় যে বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অটোমেটেড ভার্টিক্যাল নেভিগেশন ব্যবস্থা কাজ না করলেও পাইলটদের ম্যানুয়ালি বিমান পরিচালনা এবং নিরাপদে অবতরণ করানোর প্রশিক্ষণ থাকে। প্রয়োজন হলে সেই পদ্ধতিতেই বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব। বোয়িং জানিয়েছে, বিশ্বের সমস্ত ৭৩৭ ম্যাক্স অপারেটরকে ইতিমধ্যেই এই প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা জানানো হয়েছে। আপাতত পাইলটদের নির্দিষ্ট অপারেটিং পদ্ধতি এবং অতিরিক্ত সতর্কতা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসেই বিমান সংস্থাগুলিকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল বলেও জানা গিয়েছে। ভারতেও এর প্রভাব নিয়ে নজর রয়েছে। দেশে বর্তমানে প্রায় ৯৬টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান পরিষেবায় রয়েছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহরে প্রায় ৫৩টি এবং আকাসা এয়ারের কাছে প্রায় ৪৩টি ৭৩৭ ম্যাক্স রয়েছে। ফলে বিষয়টি সামনে আসার পর যাত্রী নিরাপত্তা এবং বিমান পরিচালনা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
তবে এখনই বিমান পরিষেবা বন্ধ করার মতো কোনও পরিস্থিতির কথা জানায়নি বোয়িং। সংস্থার দাবি, নির্দিষ্ট অপারেটিং পদ্ধতি মেনে চললে বিমান নিরাপদে চালানো সম্ভব। একই সঙ্গে সমস্যাটির স্থায়ী প্রযুক্তিগত সমাধান বের করার কাজও চলছে। এর আগে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর ভারতে বোয়িং বিমানগুলির উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষাপটে ৭৩৭ ম্যাক্সের এই নতুন সফটওয়্যার সমস্যাও এখন নিয়ন্ত্রক সংস্থা এবং বিমান পরিবহণ সংস্থাগুলির নজরে।


