রাজ্যের খবর

থানার ডিউটি সামলে বিনামূল্যে কোচিং, কনস্টেবলের হাত ধরে চাকরি পেলেন ২১ বেকার

নিজের খরচে নিখরচায় টিউশন! ২৩ জনের মধ্যে ২১ জনই পেলেন পুলিশের চাকরি, কলকাতা পুলিশের কন্সটেবলের অসাধ্য সাধন

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: প্রতিকূলতা ও আর্থিক অনটনের বিরুদ্ধে লড়াই করে কীভাবে স্বপ্নের চূড়ায় পৌঁছানো যায়, তার এক অনন্য ও অনুপ্রেরণাদায়ক নজির গড়ে তুললেন কলকাতা পুলিশের এক সৎ ও লড়াকু কনস্টেবল। নিজের জীবনের নির্মম আঘাত ও অভাব-অনটনের তিক্ত অভিজ্ঞতাকে মূলধন বানিয়ে রাজ্যের বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়ালেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার বীর কর্মী মোহন্ত হালদার। কঠোর ডিউটি সামলে নিজের অমূল্য অবসর সময়ে ২৩ জন চাকরিপ্রার্থীকে নিখরচায় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছিলেন তিনি। ফলাফল? পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতেই দেখা গেল, তাঁর শেখানো ২৩ জনের মধ্যে ২১ জনই সসম্মানে কনস্টেবল পদে চাকরি লাভ করেছেন!

বর্তমানে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় কর্মরত মোহন্ত হালদারের নিজের জীবনকাহিনী কোনও রোমাঞ্চকর সিনেমাকে মান হারায়। একসময় চরম আর্থিক দৈন্যদশায় কোনও নামী বা দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সমর্থ ছিল না তাঁর। এমনকি ২০১৬ সালে ষড়যন্ত্র ও বিনা অপরাধে জেল খাটার মতো নির্মম সামাজিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। কিন্তু হাল ছাড়েননি মোহন্ত। লড়াইয়ের ময়দানে অদম্য থেকে অবশেষে কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেন।

চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের অতীত লড়াইকে ভুলতে পারেননি তিনি। এলাকার মেধা অথচ অর্থাভাব থাকা তরুণ-তরুণীদের স্বপ্নপূরণে নিজের সোনারপুর তেমাথার বাড়িতে ও থানার অবসর কক্ষে শুরু করেন নিখরচায় কোচিং ক্লাস। স্রেফ বইপত্র পড়ানো নয়, লিখিত পরীক্ষার জটিল প্রশ্ন সমাধান, সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট, নিয়মিত মক টেস্ট এবং ইন্টারভিউ পর্বের জন্য তৈরি করতেন ক্যান্ডিডেটদের।

মোহন্তের এই সমাজসেবামূলক কাজে বড় অভিভাবক হিসেবে পাশে দাঁড়ান কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি দীপঙ্কর বিশ্বাস। ওসির তত্ত্বাবধানে থানার ভেতরেই মক টেস্টের সুব্যবস্থা করা হয় এবং অন্যান্য আধিকারিকরাও নানাভাবে সহযোগিতা করেন। চূড়ান্ত ফলাফলে ২১ জন ছাত্র-ছাত্রী একসঙ্গে রাজ্য পুলিশে সুযোগ পাওয়ায় আনন্দে আত্মহারা শিক্ষক মোহন্ত এবং পুরো থানা চত্বর। নিজের জীবনসংগ্রামের অভিজ্ঞতা দিয়ে অন্যের স্বপ্নপূরণের রূপকার হয়ে আজ গোটা রাজ্যে প্রশংসায় ভাসছেন এই পুলিশকর্মী।

Related Articles