কলকাতা

কৃষকদের জন্য বড় খবর! কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার

নবান্নে সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, প্রকৃত কৃষকদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য

Truth of Bengal: কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কার মধ্যেই কৃষকদের স্বস্তির বার্তা দিল রাজ্য সরকার। কোনও যোগ্য কৃষক যাতে সরকারি আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হন, তার জন্য আবেদন ও তথ্য যাচাইয়ের সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষি দফতর। একই সঙ্গে অযোগ্য বা ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করতে চলছে তালিকা যাচাইয়ের কাজ। নবান্নে সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, প্রকৃত কৃষকদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তাঁর বক্তব্য, একজন কৃষক একই সঙ্গে পিএম কিষান এবং কৃষকবন্ধু (নতুন)—দুই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন না। যে কোনও একটি প্রকল্পের সুবিধাই নিতে পারবেন। পাশাপাশি একটি পরিবার থেকে একজনকেই কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আনার কথা জানিয়েছে সরকার।

কৃষি দফতরের হিসাবে, রাজ্যে কৃষকবন্ধুর পুরনো তালিকায় ১ কোটি ১ লক্ষ ৯ হাজার ৫৭১ জন কৃষকের নাম রয়েছে। তাঁদের মধ্যে ৩৮ লক্ষ ৫৫ হাজার ২১৩ জন বর্তমানে পিএম কিষান প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বাকি কৃষকদের নতুন কৃষকবন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য যাচাই চলছে। যোগ্য কৃষকদের নাম নথিভুক্ত করার সুযোগ দিতে আরও ১০ দিন সময় বাড়ানো হয়েছে। সরকারের বক্তব্য, যাচাইয়ের সময় ভুয়ো উপভোক্তা, আয়করদাতা বা সরকারি চাকরিজীবীর নাম পাওয়া গেলে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে, প্রয়োজনীয় নথি থাকা কোনও প্রকৃত কৃষকের নাম যাতে শুধুমাত্র আবেদন বা যাচাই অসম্পূর্ণ থাকার কারণে বাদ না যায়, তার জন্যই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

জমির পরিমাণের ভিত্তিতে কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সহায়তার অঙ্কেও পার্থক্য থাকবে। ফলে নতুন করে তালিকা তৈরির সময় জমির নথি, ব্যাঙ্কের তথ্য-সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরনো তালিকার সঙ্গে নতুন করে যাচাই হওয়া উপভোক্তার সংখ্যায় বড় ফারাক সামনে আসায় কৃষকদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কৃষি দফতরের আশ্বাস, তালিকা ঝাড়াই-বাছাইয়ের উদ্দেশ্য প্রকৃত কৃষকদের বাদ দেওয়া নয়; বরং অযোগ্য উপভোক্তাদের সরিয়ে সরকারি অর্থ যাতে যোগ্য কৃষকদের কাছেই পৌঁছয়, তা নিশ্চিত করা।