দেশ

মুশকিল আসান মোদি সরকারের, ‘বন্ধু’ ভারতের জন্য হরমুজ মুক্ত করল ইরান

Truth of Bengal: জ্বালানি সংকটের মধ্যে ভারতের জন্য বড় সুখবর। ইরান হরমুজ প্রণালী ভারতের জাহাজের জন্য মুক্ত ঘোষণা করেছে। শুধু ভারত নয়, রাশিয়া, চিন, পাকিস্তান ও ইরাককেও তারা একই সুবিধা দিয়েছে। অর্থাৎ এই পাঁচ দেশের জাহাজ নিরাপদে হরমুজ পারাপার করতে পারবে।

ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ নয়। আমরা যেসব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, তাদের জাহাজকে নিরাপদে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। ভারত, রাশিয়া, চিন, পাকিস্তান ও ইরাকের জাহাজ ইতিমধ্যেই হরমুজ পারাপার করেছে। এমনকি বাংলাদেশের একটি জাহাজও নিরাপদে পার হয়েছে।”

আরাঘচি আরও বলেন, “আমেরিকা, ইজরায়েল এবং উপসাগরীয় দেশের জাহাজ এই জলপথে চলাচল করতে পারবে না। এটি তাদের জন্য বিপদ। তবে বন্ধু দেশগুলোর জন্য আমরা সুবিধা রেখেছি। আমরা চাই আমাদের সঙ্গে সমন্বয় করে নিরাপদ যাতায়াত হোক।”

ইরান যখন আংশিকভাবে হরমুজ অবরোধের ঘোষণা করেছিল, অনেকেই তা অবাস্তব ভেবেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তেহরান প্রমাণ করেছে, তারা এই অঞ্চলে শক্তি এবং কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম।

গুরুত্বপূর্ণ বিষয়, এই ছাড় ভারতীয় কূটনীতির বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। বিগত কয়েক সপ্তাহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। এর ফলে ভারতের তেলের সরবরাহ অক্ষুণ্ণ থাকবে এবং জ্বালানি সংকটের ক্ষেত্রে বড় স্বস্তি মিলেছে।

এই পদক্ষেপকে আন্তর্জাতিক মহল ভারতের কূটনৈতিক দক্ষতার প্রমাণ হিসেবেও দেখছে। হরমুজে নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে।

Related Articles