কলকাতা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি! হাই কোর্টে অন্তর্বর্তী জামিন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের

মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন মঞ্জুর করা হয়েছে

Truth of Bengal: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতেই তাঁকে এই জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আগামী তিন সপ্তাহের জন্য মিলন প্রধান অন্তর্বর্তী জামিনে থাকবেন। ফলে জেলের বাইরে থেকেই নন্দীগ্রাম উপনির্বাচনে প্রচার ও ভোটে অংশ নিতে পারবেন তিনি। আগামী ২১ অক্টোবর মামলাটি ফের শুনবে কলকাতা হাই কোর্ট।

তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর মিলনকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। পাশাপাশি প্রতিদিন সকাল সাড়ে ৮টা এবং রাত সাড়ে ৯টায় সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাঁকে। জামিনের আবেদন জানিয়ে গত বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানান, তাঁদের মক্কেল উপনির্বাচনের প্রার্থী। নিয়মিত জামিনের আবেদনের শুনানিতে সময় লাগতে পারে। তাই দ্রুত শুনানির অনুমতি চাওয়া হয়। সেই আবেদন মঞ্জুর করে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি ঘোষ।

পরের দিনই বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছিলেন, মিলনকে উপনির্বাচনে লড়ার সুযোগ দেওয়া উচিত। আদালতের মন্তব্য ছিল, “আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি। তিনি নির্বাচনে অংশ নিন। বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।” যদিও পরবর্তী শুনানিতে সঙ্গে সঙ্গে জামিন মেলেনি। প্রথমে চারটি মামলায় জামিনের আবেদন শোনা হয়। পরে আরও দু’টি মামলাতেও জামিন চান মিলন। প্রায় ১৯ বছরের পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাট-সহ একাধিক অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই উপনির্বাচনের আগে মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছিল। আপাতত হাই কোর্টের অন্তর্বর্তী জামিনে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

Related Articles