গঙ্গাসাগরে নিতিন নবীন, জাতীয় মেলার স্বীকৃতি নিয়ে দিলেন বড় বার্তা
পুজো দেওয়ার পর নিতিন নবীন জানান, পশ্চিমবঙ্গের মানুষের আস্থা বজায় রেখে সরকার ও সংগঠন আরও ভালো কাজ করুক—এই প্রার্থনাই করেছেন তিনি।
Truth of Bengal: দু’দিনের পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে সোমবার গঙ্গাসাগর গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেখানে গঙ্গা ও বঙ্গোপসাগরের মোহনায় স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের কয়েকজন নেতা।
পুজো দেওয়ার পর নিতিন নবীন জানান, পশ্চিমবঙ্গের মানুষের আস্থা বজায় রেখে সরকার ও সংগঠন আরও ভালো কাজ করুক—এই প্রার্থনাই করেছেন তিনি। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দীর্ঘদিনের দাবি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়।
এ প্রসঙ্গে নিতিনের বক্তব্য, জাতীয় মেলার স্বীকৃতির দাবি সম্পর্কে তাঁরা অবগত এবং বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। দ্রুত এই দাবি পূরণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা হয়নি। তাঁর গঙ্গাসাগর সফরটি দু’দিনের বঙ্গ সফরের শেষ দিনের কর্মসূচির অংশ ছিল।
গঙ্গাসাগর থেকে ফিরে সোমবার আরও কয়েকটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে নিতিন নবীনের। এর মধ্যে ‘আঙন কা মিলন’ এবং ‘যুব সংলাপ’ কর্মসূচিও রয়েছে।






