রাজ্যের খবর

অভিযোগ নিষ্পত্তিতে জোর, ৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

অভিযোগ জানানোর জন্য টোল-ফ্রি নম্বর ১৯৫০ চালু রয়েছে

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত আধিকারিকের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, এই সেলের কাজ সুষ্ঠুভাবে চালাতে আরও ৯ জন আধিকারিক প্রয়োজন। আপাতত কমিশনের বিদ্যমান কর্মীদের দিয়েই কাজ চালানো হবে। বর্তমানে ৩ জন আধিকারিক ও ৬ জন মাইক্রো অবজার্ভার এই দায়িত্বে রয়েছেন। তবে নির্বাচনের সময় কয়েক লক্ষ অভিযোগ জমা পড়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনে অতিরিক্ত আধিকারিক চেয়ে নবান্নের কাছে বার্তা পাঠানো হয়েছে সিইও দফতরের তরফে।অভিযোগ জানানোর জন্য টোল-ফ্রি নম্বর ১৯৫০ চালু রয়েছে।

কমিশনের দাবি, এই নম্বরে অভিযোগ জানালে ৮ ঘণ্টার মধ্যেই তার সমাধান করা হবে। খুব শীঘ্রই একটি আলাদা ডেডিকেটেড নম্বর এবং ই-মেইল আইডিও সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হবে।এদিকে ভোটগ্রহণ চলাকালীন কড়া বার্তা দিয়েছে কমিশন। কোনও বুথ এলাকায় যদি কোনও ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হয়, আটকানো হয় বা ভয় দেখানো হয়, তাহলে সেই বুথে পুনর্নির্বাচন হতে পারে। তবে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নয়, পর্যাপ্ত প্রমাণের উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন জানিয়েছে, শুধু বুথের ভেতরে বা ১০০ মিটারের মধ্যে গণ্ডগোল হলেই নয়, প্রয়োজন অনুযায়ী বৃহত্তর এলাকাতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নির্বাচনী পর্যবেক্ষকরাও দ্রুত রাজ্যে পৌঁছে যাচ্ছেন। আজ বৃহস্পতিবারের মধ্যেই সমস্ত অবজারভারদের পৌঁছে যাওয়ার কথা। এর মধ্যে রয়েছেন ২৯৪ জন সাধারণ অবজারভার, ৮৪ জন পুলিশ অবজারভার এবং ১০০ জন ব্যয় অবজারভার।

Related Articles