পুরুলিয়ার মানবাজারে পড়ুয়াদের বিতর্কসভা
বিতর্ক প্রতিযোগিতার আয়োজক পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (পেস)
Truth Of Bengal: পুরুলিয়া মানবাজার গার্লস হাইস্কুলে ‘স্টুডেন্স অ্যাক্টিভিটি প্রোগ্রাম’ এ পড়ুয়াদের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতা, পোস্টার প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করল পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (পেস)। এতে আয়োজক বিদ্যালয় ছাড়াও মানবাজার রাধামাধব ইন্সটিটিউশন, মান-বির এন্টারন্যাশনাল, গোয়ালাপাড়া হাইস্কুল, স্বপন সুব্রত হাইস্কুল, শ্যামপুর বিবেকানন্দ হাইস্কুল এর শতাধিক ছাত্র-ছাত্রী এতে অংশ নেয়।

‘পাঠ্যসূচির বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্কতার মূল ভিত্তি’ – শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা পড়ুয়াদের ক্ষুরধার যুক্তিপূর্ণ অংশগ্রহণে জমে ওঠে। এর আগে স্থানীয় ভেষজ উদ্ভিদের সংরক্ষণের উপযোগিতা নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার দাস। প্রাণীবাহিত মানুষের রোগ ও উঠতি সংক্রামক রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভাইরাস বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার। ছিলেন পেসের সচিব সন্দীপ সেন, সহ-সম্পাদক সুকুমার বেরা, স্কুলের প্রধান শিক্ষিকা প্রমিলা হাঁসদা, স্কুল পরিচালন সমিতির সভাপতি মনোজ মুখার্জী প্রমুখ।






