কলকাতারাজ্যের খবর

সপ্তাহান্তেই তিন ডিগ্রি চড়বে পারদ, বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে?

আর্দ্রতার মাত্রা বেড়ে গিয়ে অস্বস্তিকর আবহাওয়া তৈরি করছে।

Truth of Bengal: বৃহস্পতিবারের আকস্মিক বৃষ্টিতে কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষ সাময়িক স্বস্তি পেলেও সেই আরাম দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে আবারও বাড়তে চলেছে তাপমাত্রা ও আর্দ্রতার অস্বস্তি। ফলে আগামী দু’দিন ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে একদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে আর্দ্রতার মাত্রা বেড়ে গিয়ে অস্বস্তিকর আবহাওয়া তৈরি করছে।

তবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই দু’দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। যদিও উপকূলীয় অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের তীব্রতা আরও বাড়বে।

তবে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে রবিবার থেকে। আবহাওয়াবিদদের মতে, শনিবার রাতের পর থেকেই নতুন করে রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হতে পারে। তার প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে রবিবারের পর তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে উত্তরবঙ্গে এখনই বৃষ্টির দাপট কমার কোনও লক্ষণ নেই। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে আবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষণের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles