ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুমকি! বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের চিরুনি তল্লাশি
এই ঘটনাকে কেন্দ্র করে তিলোত্তমার প্রাণকেন্দ্রে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে।
Truth of Bengal: কলকাতার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার বিকেলে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ একটি হুমকি ই-মেল পায়, যেখানে গোটা স্মৃতিসৌধটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিলোত্তমার প্রাণকেন্দ্রে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে।
চিঠি ও ই-মেল পাওয়ার পরপরই ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয়। খবরের গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং লালবাজারের বম্ব ও ডগ স্কোয়াড। বর্তমানে গোটা চত্বর খালি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, ধরনা মঞ্চ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার হওয়ায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার না হলেও নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, আদালত এবং পোস্ট অফিসগুলোতেও একই ধরণের হুমকি মেল এসেছিল। বিশেষ করে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রগুলিকে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকির জেরে কয়েকদিন আগেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। গত শনিবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। তার বিরুদ্ধে দেশের ৫০টিরও বেশি জায়গায় বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রতিবেশীদের দাবি, সৌরভ বছর দুই আগে বাংলাদেশ থেকে এসে প্রথমে কলকাতায় এবং পরে গ্রামে থেকে কম্পিউটারে কাজ করত।
গোপালনগর থেকে সৌরভের গ্রেপ্তারি এবং বর্তমানের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বোমাতঙ্ক—দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, হেস্টিংস থানার পুলিশ এবং কলকাতা পুলিশের এসটিএফ তা খতিয়ে দেখছে। প্রতিদিনের মতো আজকেও ভিক্টোরিয়াতে বহু দেশি-বিদেশি পর্যটকের ভিড় ছিল, এই পরিস্থিতির কারণে তাঁদের মধ্যে বড়সড় ভয়ের সৃষ্টি হয়েছে।






