ভোটার তালিকা থেকে নাম বাদ! প্রতিবাদে আজ দুপুরেই ধর্মতলায় ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্পষ্ট বার্তা দেবেন বলে জানা গিয়েছে।
Truth of Bengal: ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে আজ শুক্রবার রাজপথের আন্দোলনে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ ধর্মতলার মেট্রো চ্যানেল সংলগ্ন ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসবেন তিনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় কড়া নিরাপত্তা ও পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি প্রস্তুতি এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্পষ্ট বার্তা দেবেন বলে জানা গিয়েছে।
বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জেরে বঙ্গে ভোটারদের এক বিশাল অংশ ভোটাধিকার হারানোর সংকটে পড়েছেন। সূত্রের খবর, প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এর মধ্যে ৬৩ লক্ষেরও বেশি নাম তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এবং আরও ৬০ লক্ষ মানুষের নাম বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই ভুক্তভোগী পরিবারগুলোর একাংশ আজ ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উপস্থিত থাকবেন। এর আগে এই প্রক্রিয়ার শুরুতেই তিনি সরব হয়েছিলেন এবং দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে সাধারণ মানুষের হয়ে সরাসরি অভিযোগও জানিয়েছিলেন।
রাজনৈতিক মহলের মতে, যখনই বাংলার মানুষের স্বার্থ বিঘ্নিত হয়েছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিচিত আন্দোলনের পথ বেছে নিয়েছেন। ২০ বছর আগে যে ধর্মতলার ওয়াই চ্যানেলের ধরনা মঞ্চ থেকে রাজ্যে পরিবর্তনের সূচনা হয়েছিল, ঠিক সেই অবস্থানেই পুনরায় বসছেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘বেআইনিভাবে’ নাম বাদ দেওয়ার যে অভিযোগ তৃণমূল তুলছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদী অবস্থান।






