বসন্ত উৎসব পালন সিউড়ির এডুকেশন কলেজের মাঠে
কচিকাচাদের উৎসাহ যেমন চোখে পড়ার মতো, তেমনই প্রবীণদের উপস্থিতিও উৎসবকে পূর্ণতা দিয়েছে।
পার্থ দাস, বীরভুমঃ চিরাচরিত প্রথা মেনে এ বছরও বীরভূমের সেচ দপ্তর বা এডুকেশন কলোনির মাঠে মহাসমারোহে পালিত হচ্ছে বসন্ত উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মহামিলন মেলায় পরিণত হয়েছে এই প্রাঙ্গণ। দীর্ঘদিনের হিংসা ও অভিমান ভুলে একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন আট থেকে আশি। মঙ্গলবার সকাল ৭টায় প্রভাতফেরির মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়। শান্তিনিকেতনি আদলে গান, নাচ এবং আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মেলা যত গড়াচ্ছে, কলোনির মাঠে ভিড় তত বাড়ছে। কচিকাচাদের উৎসাহ যেমন চোখে পড়ার মতো, তেমনই প্রবীণদের উপস্থিতিও উৎসবকে পূর্ণতা দিয়েছে। বসন্ত বন্ধন ও বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনভর চলবে এই আয়োজন।
উৎসবের আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়, সে বিষয়ে অত্যন্ত সতর্ক আয়োজক কমিটি ও বীরভূম জেলা পুলিশ। কমিটির পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে: কোনোভাবেই কৃত্রিম বা রাসায়নিক রং ব্যবহার করা যাবে না; শুধুমাত্র ভেষজ আবির দিয়েই খেলতে হবে দোল। অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন রয়েছে বীরভূম জেলা পুলিশের বিশাল বাহিনী। রঙের খেলায় মেতে উঠে যেন কোনো অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
এবারের উৎসবের একটি বিশেষ দিক হলো বিজ্ঞানের মেলবন্ধন। একদিকে যখন রঙের খেলা চলছে, অন্যদিকে বিকেলে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মনে থাকা নানা কুসংস্কার দূর করতে এবং সচেতনতা বাড়াতে উৎসব প্রাঙ্গণ থেকেই বিশেষ বার্তা দেবে বিজ্ঞান মঞ্চ।






