কত বেতন পাবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী? বড় ঘোষণা খালেদা-পুত্রের
তবে ক্ষমতা গ্রহণের পরপরই একটি ব্যতিক্রমী ও বড় সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছেন খালেদা-পুত্র।
Truth of Bengal: দীর্ঘ ১৮ মাসের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অবশেষে গণতান্ত্রিক ধারায় ফিরল বাংলাদেশ। নবনির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার মাত্র দুই মাসের মাথায় প্রধানমন্ত্রীর আসনে বসলেন তিনি। তবে ক্ষমতা গ্রহণের পরপরই একটি ব্যতিক্রমী ও বড় সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছেন খালেদা-পুত্র।
তারেক রহমান ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী হিসেবে সচরাচর পাওয়া সরকারি জমি এবং ট্যাক্স-ফ্রি গাড়ির সুবিধা তিনি গ্রহণ করবেন না। এমনকি তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও এই বিশেষ সুবিধাগুলো ত্যাগ করবেন। তবে সরকারি বেতন বা ভাতার ক্ষেত্রে এমন কোনো ঘোষণা তিনি দেননি। বাংলাদেশের আইন অনুযায়ী, একজন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কী কী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারেন, তা ‘দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা মূল বেতন পাবেন। এর বাইরে মাসিক বাড়ি ভাড়া বাবদ পাবেন ১ লাখ টাকা এবং দৈনিক ভাতা হিসেবে ধার্য রয়েছে ৩ হাজার টাকা। যাতায়াত ও ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুরক্ষা। নিজের ও পরিবারের বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার একটি বিশেষ তহবিল তাঁর এখতিয়ারে থাকবে।
চিকিৎসা সুবিধার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার দেশে এবং বিদেশে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধা সরকারি খরচে পাবেন। এছাড়া দৈনন্দিন বিনোদন এবং সরকারি বাসভবন থেকে অফিস যাতায়াতের যাবতীয় খরচও রাষ্ট্র বহন করবে। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট সরকারি বাসভবন এবং তার সাজসজ্জার ব্যয়ও সরকারি কোষাগার থেকে মেটানো হয়। যদি তিনি সরকারি বাসভবনে না থেকে নিজ বাড়িতে অবস্থান করেন, তবে সে ক্ষেত্রেও নির্ধারিত বাড়ি ভাড়া পাবেন। বাসভবনের আনুষঙ্গিক খরচ যেমন বিদ্যুৎ, পানি, টেলিফোন বিল এবং নিরাপত্তারক্ষীদের বেতনের দায়ভারও সরকারের। দেশের ভেতরে তাঁর যেকোনো ভ্রমণ সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং দেশের বাইরে সফরের ক্ষেত্রে তিনি বিশেষ ভাতা প্রাপ্য হবেন। এছাড়া গৃহস্থালি পণ্য পরিবহনের প্রয়োজনে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিমান, ট্রেন বা জাহাজের পরিবহন খরচও সরকারি তহবিল থেকে প্রদান করা হবে।






