“আজ আমি স্বরাষ্ট্রমন্ত্রী নই, মহাপ্রভুর সেবক”, মায়াপুরে এসে আবেগপ্রবণ অমিত শাহ!
আজ তিনি এখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নন, বরং মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবে উপস্থিত হয়েছেন।
Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে বঙ্গ রাজনীতিতে যখন সাজ সাজ রব, ঠিক তখনই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে নিজেকে এক ভক্ত হিসেবে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মন্দির চত্বরে দাঁড়িয়ে শাহের স্পষ্ট ঘোষণা, আজ তিনি এখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নন, বরং মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবে উপস্থিত হয়েছেন।
এদিন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্মজয়ন্তী উৎসবের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে মায়াপুরে পৌঁছান অমিত শাহ। প্রথমেই মন্দিরের গর্ভগৃহে পুজো দেন তিনি। পরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শাহ। তিনি জানান, দীর্ঘ সময় ধরেই তাঁর মায়াপুরে আসার পরিকল্পনা ছিল, কিন্তু নানা কারণে তা বারবার পিছিয়ে গিয়েছিল। অবশেষে এই পবিত্র ভূমিতে আসতে পেরে তিনি আপ্লুত। বক্তব্যের শুরুতেই এক বিশেষ বার্তা দেন অমিত শাহ। তিনি বলেন, “মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে জানিয়েছিলাম যে আজ আমি এখানে আসছি। প্রধানমন্ত্রী মায়াপুরের সমস্ত ভক্তদের জন্য মন থেকে ‘হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন।” প্রধানমন্ত্রীর এই বার্তাকে শ্রীচৈতন্যর প্রতি তাঁর শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
মঞ্চে যখন তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়, তখন তিনি বিনম্রভাবে তা সংশোধন করে দেন। শাহ বলেন, “সভার শুরুতেই আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হলো। কিন্তু আমি এখানে কোনো সরকারি পদাধিকারী হিসেবে আসিনি। চৈতন্য মহাপ্রভুর ভাবধারার এক ভক্ত হিসেবেই আজ মায়াপুরের মাটিতে পা রেখেছি।” রাজনীতির জটিল পাটিগণিত সরিয়ে মায়াপুরের শান্ত পরিবেশে অমিত শাহের এই ভিন্ন রূপ এদিন সকলের নজর কেড়েছে।






