দেশ

মুম্বইয়ে মেট্রো পিলারের স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু

দুপুর প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ হঠাৎ করেই নির্মীয়মাণ অংশ থেকে একটি সিমেন্টের স্ল্যাব ভেঙে রাস্তায় পড়ে যায়।

Truth Of Bengal: মুম্বইয়ের মুলুন্দ ওয়েস্ট এলাকায় শনিবার দুপুরে মেট্রোর নির্মীয়মাণ পিলারের একটি অংশ ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। এলবিএস রোডের উপর চলছিল মেট্রো লাইন সম্প্রসারণের কাজ। দুপুর প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ হঠাৎ করেই নির্মীয়মাণ অংশ থেকে একটি সিমেন্টের স্ল্যাব ভেঙে রাস্তায় পড়ে যায়। সেই ভারী কংক্রিটের চাঁই সরাসরি একটি অটো ও একটি গাড়ির উপর গিয়ে পড়ে।

দুর্ঘটনায় অটোটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পাশের গাড়িটির বনেটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গে। প্রাথমিকভাবে সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, এই ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে এবং আরও তিন জন আহত হয়েছেন। যদিও নিহতের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

ঘটনার পরই স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মেট্রো কর্তৃপক্ষের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, দুমড়ে-মুচড়ে যাওয়া অটো থেকে এক ব্যক্তি বেরোনোর চেষ্টা করছেন এবং আশপাশের লোকজন তাঁকে সাহায্য করছেন।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। নির্মীয়মাণ অংশের গার্ড ওয়ালে বসানো সিমেন্টের স্ল্যাব কীভাবে খুলে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

মেট্রো সম্প্রসারণ প্রকল্পটির দায়িত্বে রয়েছে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। তবে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানিয়েছেন, এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Related Articles