উড়ানের ঠিক আগেই শৌচালয়ে হুমকি-চিরকুট! দমদম বিমানবন্দরে বোমাতঙ্কে হুলুস্থুল
শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে ইন্ডিগোর একটি বিমানের কলকাতার দমদম বিমানবন্দর থেকে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল।
Truth of Bengal: শনিবারের সকালে দমদম বিমানবন্দরে হুলুস্থুল! শিলংগামী বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল কলকাতা বিমানবন্দরে। ওড়ার ঠিক আগমুহূর্তে বিমানের শৌচালয় থেকে উদ্ধার হল একটি রহস্যময় হুমকি-চিরকুট, যা ঘিরে মুহূর্তের মধ্যে বদলে গেল বিমানবন্দরের চেনা ছবি। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে ইন্ডিগোর একটি বিমানের কলকাতার দমদম বিমানবন্দর থেকে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের ঠিক আগেই বিমানের কর্মীরা শৌচালয়ের ভেতরে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল— বিমানে বোমা রাখা আছে এবং নিমেষের মধ্যে গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। এই খবর জানাজানি হতেই নিরাপত্তারক্ষীদের মধ্যে তৎপরতা তুঙ্গে ওঠে।
চিরকুটটি উদ্ধারের পরপরই বিমানের উড়ান বাতিল করা হয়। আতঙ্কিত যাত্রীদের তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সমস্ত যাত্রীকে বিমানবন্দরের একটি ‘আইসোলেশন বে’-তে রাখা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ (CISF) এবং বম্ব স্কোয়াড। পুরো বিমানটি ঘিরে ফেলে এখন চলছে চিরুনি তল্লাশি। মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বিমানের প্রতিটি কোণা।
এই ঘটনার জেরে নির্ধারিত সময়ে বিমানটি রওনা দিতে পারেনি, ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। কে বা কারা এই চিরকুটটি সেখানে রেখেছিল, সেটি কি কেবলই কোনো ভয়ংকর রসিকতা নাকি বড় কোনো ষড়যন্ত্রের অংশ— তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ। আপাতত বিমানবন্দরের নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।






