রাজ্যের খবর

জলাতঙ্ক রুখতে পথে নামল প্রশাসন: র‍্যালি থেকে টিকাদান, দক্ষিণ দিনাজপুরে বিশেষ কর্মসূচি

১৩ ফেব্রুয়ারি সকালেই শহরের রাস্তায় বেরোয় সচেতনতা মূলক পথপরিক্রমা।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: প্রাণীর সুরক্ষা ও মানুষের স্বাস্থ্যের প্রশ্নে একসঙ্গে পথ চলার বার্তা দিল জেলা প্রশাসন। বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে আয়োজন করা হল সচেতনতা র‍্যালি, আলোচনা সভা ও টিকাদান কর্মসূচি। উদ্যোক্তা জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতর। ১৩ ফেব্রুয়ারি সকালেই শহরের রাস্তায় বেরোয় সচেতনতা মূলক পথপরিক্রমা।

হাতে পোস্টার, মুখে স্লোগান—জলাতঙ্কের ঝুঁকি ও প্রতিরোধের উপায় তুলে ধরেন অংশগ্রহণকারীরা। র‍্যালিতে শিশুদের উপস্থিতি নজর কাড়ে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও যোগ দেন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে বিশেষজ্ঞরা জানান, জলাতঙ্ক একটি মারণ রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে তা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে পথকুকুর ও পোষা প্রাণীদের নিয়মিত টিকাকরণে জোর দেওয়া হয়। একইসঙ্গে চলে টিকাদান শিবির।

পথকুকুর ও গৃহপালিত প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়।এই কর্মসূচি প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক নবীন কুমার চন্দ বলেন, “বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আজ এখানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতা র‍্যালি, কুকুরদের ভ্যাকসিনেশন এবং আলোচনা সভা—সব মিলিয়ে একটি সমন্বিত কর্মসূচি। শিশুদের অংশগ্রহণ এবং বিভিন্ন এনজিও-র উপস্থিতি এই উদ্যোগকে আরও অর্থবহ করেছে।”

দফতর সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন প্রাণীদের সুরক্ষা নিশ্চিত হয়, তেমনই সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ে।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগামী দিনে জেলার আরও বেশি এলাকায় এই ধরনের টিকাদান ও সচেতনতা শিবির আয়োজন করা হোক।জেলা প্রশাসনের বক্তব্য, প্রাণী কল্যাণ মানেই জনস্বাস্থ্য সুরক্ষা। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। দক্ষিণ দিনাজপুরে প্রাণী সুরক্ষা ও জলাতঙ্ক প্রতিরোধ নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিল এই কর্মসূচি।

Related Articles