কলকাতারাজ্যের খবর

চড়চড়িয়ে বাড়ছে পারদ! কবে মিলবে তীব্র গরম থেকে মুক্তি?

সবার নজর এখন বর্ষার প্রবেশের দিকে।

Truth of Bengal: রাজ্যজুড়ে তীব্র গরমের দাপট অব্যাহত। ভোরবেলা থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাচ্ছে, সামান্য হাঁটাহাঁটি করলেই শরীর ঘামে ভিজে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সবার মনেই এখন এক প্রশ্ন— এই হাঁসফাঁস দাপট আর কতদিন চলবে, নাকি আগামী কয়েক দিনের মধ্যে ঝড়বৃষ্টির কোনো সুখবর রয়েছে? সাধারণ মানুষের এই জল্পনার অবসান ঘটিয়ে আবহাওয়ার সর্বশেষ আপডেট দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

সবার নজর এখন বর্ষার প্রবেশের দিকে। আবহাওয়া দফতর প্রথমে পূর্বাভাস দিয়েছিল যে, সময়ের কিছুটা আগেই অর্থাৎ ২৬ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকে পড়বে। তবে বাস্তবে সেই পূর্বাভাস মেলেনি, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিপথ কিছুটা শ্লথ হয়েছে। নতুন আপডেট অনুযায়ী, আগামী ২ দিনের মধ্যে কেরল এবং তামিলনাড়ুতে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। পাশাপাশি, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বঙ্গোপসাগরের কিছু এলাকাতেও তা অগ্রসর হবে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলে পৌঁছালেও বাংলায় পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে।

বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম গরমের সাথে চড়া রোদের তেজ এবং বাতাসে মাত্রাতিরিক্ত আর্দ্রতা বজায় রয়েছে, যা সাধারণ মানুষের শারীরিক অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর আরও এক উদ্বেগের খবর শুনিয়েছে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, ফলে গরমের দাপট এখনই কমছে না। আজ দক্ষিণবঙ্গের কোথাও ভারী বা বড় ধরনের ঝড়বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে তীব্র গরমের কারণে স্থানীয়ভাবে কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

তবে সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একটি বড়সড় বদল আসতে চলেছে। বৃহস্পতি এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তিলোত্তমা কলকাতার ক্ষেত্রেও আবহাওয়া প্রায় একই রকম থাকবে। মঙ্গলবার এবং বুধবার কলকাতায় গরম ও অস্বস্তি আরও বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে তিলোত্তমাতেও আবহাওয়া বদলাবে এবং স্বস্তির বৃষ্টির দেখা মিলতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গ তীব্র গরমে পুড়লেও উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই ভালো। উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ জুন থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা একই রকম থাকলেও, তারপর থেকে পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles