১৬৪ বছরের ইতিহাসে প্রথমবার! বদলে গেল কলকাতা হাইকোর্টের ঠিকানা
রাস্তার নাম বদলে যাওয়ায় আদালতের নতুন পরিচয় তৈরি হয়েছে
Truth of Bengal: ১৬৪ বছরের দীর্ঘ ইতিহাস জড়িয়ে থাকা দেশের প্রাচীনতম উচ্চ আদালত কলকাতা হাইকোর্টের ঠিকানায় এল আমূল পরিবর্তন। ভবনের অবস্থান অপরিবর্তিত থাকলেও যে রাস্তার ওপর এই ঐতিহাসিক স্থাপত্য দাঁড়িয়ে, সেই রাস্তার নাম বদলে যাওয়ায় আদালতের নতুন পরিচয় তৈরি হয়েছে। দীর্ঘকাল ধরে ব্রিটিশ আমলের দেওয়া এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) নামেই পরিচিত ছিল এই এলাকাটি। এখন থেকে সেই ঠিকানার বদলে যুক্ত হলো এক বরেণ্য বাঙালি বিচারপতির নাম।
১৮৬২ সালের ১ জুলাই স্ট্র্যান্ড রোডের কোল ঘেঁষে যখন দেশের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) ছিল এর অফিশিয়াল ঠিকানা। ঐতিহ্যের সেই ছাপ মুছে এবার থেকে হাইকোর্টের নতুন ঠিকানা হবে ৩ নম্বর জাস্টিস রাধাবিনোদ পাল সরণি। ঔপনিবেশিক ইতিহাসের নাম সরিয়ে এক কৃতি বাঙালি বিচারপতির নামে এই রাস্তার নামকরণ করা হয়েছে।
এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনে বিশেষ ভূমিকা রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত বছর একটি প্রতিনিধি দলের সঙ্গে জাপান সফরকালে তিনি প্রত্যক্ষ করেন জাস্টিস রাধাবিনোদ পালের প্রতি জাপানিদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক সামরিক আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিলেন রাধাবিনোদ পাল। জাস্টিস রাধাবিনোদ পাল ছিলেন একজন প্রথিতযশা আইনজ্ঞ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। জাপানে তিনি আজও ‘জাপান-বন্ধু ভারতীয়’ হিসেবে পরম শ্রদ্ধেয়। টোকিও শহরে তাঁর নামে জাদুঘর, রাস্তা এবং মূর্তিও রয়েছে। এমনকি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি রিসার্চ সেন্টারও পরিচালিত হয়। বিশ্বমঞ্চে বাঙালির এই অনন্য কীর্তিকে সম্মান জানাতেই এবার কলকাতা হাইকোর্টের ঠিকানায় তাঁর নাম অক্ষয় করে রাখা হলো।






