মাসিক গুটখার খরচ দেবে দিদি! ভাইরাল ভিডিয়ো ঘিরে শাসক-বিরোধীর পাল্টা আক্রমণ
এই প্রকল্পের ফলে আসন্ন নির্বাচনে যুবসমাজের ভোট তৃণমূলের বাক্সে নিশ্চিত হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।
Truth Of Bengal: রাজ্যে নতুন ঘোষিত ‘যুব সাথী’ প্রকল্প ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু এই প্রকল্পের উপযোগিতা নিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়ির এক তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে দানা বেঁধেছে নতুন বিতর্ক।
View this post on Instagram
সম্প্রতি ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল)। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, যুবকদের গুটখা খাওয়ার খরচ জোগাবে সরকারের দেওয়া এই টাকা। বিশ্বজিৎবাবুর কথায়, “আজকালকার যুবকদের একটা বড় অংশ পান-গুটখা খায়। তাদের বলতে হবে, তোর তো মাসে এক হাজার টাকা গুটখার খরচ হয়, ওই টাকাটা তো দিদি দেবেন।” এই প্রকল্পের ফলে আসন্ন নির্বাচনে যুবসমাজের ভোট তৃণমূলের বাক্সে নিশ্চিত হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “তৃণমূল নেতা আসল সত্যিটা ফাঁস করে দিয়েছেন। সরকার বুঝিয়ে দিল আগামী পাঁচ বছরে কোনও পাকা চাকরি হবে না, শুধু নেশার খরচ দেওয়া হবে।” যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে সরকার উপহাস করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
বিতর্ক বাড়তেই আসরে নেমেছে ঘাসফুল শিবির। জলপাইগুড়ির যুব তৃণমূল জেলা সভাপতি রামমোহন রায়ের দাবি, এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো এবং ‘এআই’ (AI) প্রযুক্তির সাহায্যে বিজেপি তৈরি করেছে। তৃণমূল নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তাঁদের দাবি।






