কর্তব্যরত পুলিশের নজরে হারানো শিশু, কয়েক ঘণ্টার ব্যবধানেই মিলল পরিবারের হদিস
পুলিশের দ্রুত পদক্ষেপ এবং মানবিক এই ভূমিকা আরও একবার এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
Truth Of Bengal: কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের তৎপরতায় বাড়ি থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশু ফিরে পেল তার পরিবারকে। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং মানবিক এই ভূমিকা আরও একবার এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর পঞ্চায়েত এলাকায় ডিউটি করছিলেন সাব-ইন্সপেক্টর নন্দ দুলাল হাজরা। সেই সময় তিনি লক্ষ্য করেন, একটি পাঁচ বছর বয়সী শিশু একাকী উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শিশুটির পরনে ছিল হলুদ রঙের একটি গেঞ্জি। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ আধিকারিক পরিচয় জানতে চাইলে শিশুটি কিছুই বলতে পারছিল না। কোনও বিপদের আশঙ্কায় এসআই নন্দ দুলাল হাজরা দেরি না করে শিশুটিকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসেন।
থানায় নিয়ে আসার পর শিশুটির পরিবারের খোঁজ শুরু করে পুলিশ। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (IC) কাজল ব্যানার্জির তত্ত্বাবধানে আশেপাশের এলাকাগুলোতে দ্রুত বার্তা পাঠানো হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই জানা যায়, শিশুটির বাড়ি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদনগরে। খবর পেয়েই থানায় ছুটে আসেন শিশুটির পরিজনেরা।
শিশুটির দাদু কার্তিক বিশ্বাস জানান, তাঁর নাতি কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। এত অল্প সময়ের মধ্যে নাতিকে ফিরে পাবেন, তা ভাবতে পারেননি তাঁরা। চোখের সামনে সুস্থ অবস্থায় শিশুকে দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আইসি কাজল ব্যানার্জির উপস্থিতিতে শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের এই তাৎক্ষণিক তৎপরতা ও সহমর্মিতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। শান্তিপুর থানার এই উদ্যোগ প্রশাসনিক কর্তব্যের পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।






