কলকাতারাজ্যের খবর

জাঁকিয়ে শীতের রি-এন্ট্রি! পশ্চিমাঞ্চলে কি শুরু হতে চলেছে ফের শীতের ঝোড়ো ইনিংস

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের সক্রিয় হয়েছে উত্তুরে হাওয়া।

Truth of Bengal: খামখেয়ালি আবহাওয়ার দোলাচলে রাজ্যবাসী যখন ঠিক বুঝে উঠতে পারছেন না—শীত আসছে না কি বিদায় নিচ্ছে—ঠিক তখনই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের সক্রিয় হয়েছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই আগামী তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রা হঠাৎ করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবারের মধ্যেই কলকাতায় পারদ ফের ১৫ ডিগ্রির নিচে নামতে পারে। তবে শীতের আসল দাপট টের পাওয়া যাবে রাজ্যের পশ্চিমাঞ্চলে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলতে পারে, জাঁকিয়ে শীতের আমেজ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে রাজ্যজুড়ে বৃষ্টির কোনও আশঙ্কা নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা চোখে পড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু অংশে কুয়াশার দাপট বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় তেমন বদল না হলেও, রাত নামলেই শিরশিরে ঠান্ডা বাড়বে।

উত্তরবঙ্গে এমনিতেই শীতের দাপট রয়েছে, এবার তা আরও তীব্র হতে চলেছে। আগামী তিন দিনে দার্জিলিং থেকে মালদা—সব জেলাতেই রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে বলেও সতর্ক করছে হাওয়া অফিস। ফলে ভোরের দিকে যান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles