বালুরঘাটে ৪০ জন পড়ুয়া নিয়ে জমজমাট নেচার স্টাডি ক্যাম্প
শনি ও রবিবার দু’দিনের এই শিবির বসেছে গোপানগর হাই স্কুলের মাঠে।
Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: জেলার পরিবেশের সঙ্গে খুদে ছাত্রছাত্রীদের সরাসরি পরিচয় করাতে নেচার স্টাডি ক্যাম্পের আয়োজন করল বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন। প্রতি বছরই সংস্থার উদ্যোগে পাহাড়ি ও জঙ্গল এলাকায় সামার ও উইন্টার ক্যাম্প হলেও, এ বছর প্রথমবার জেলার মধ্যেই এমন ক্যাম্পের আয়োজন করা হল।
শনি ও রবিবার দু’দিনের এই শিবির বসে গোপানগর হাই স্কুলের মাঠে। তপন, গঙ্গারামপুর, পতিরাম-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে।ক্যাম্পে খুদেদের রাতের আকাশ চেনানো থেকে শুরু করে ক্লাইম্বিং, রিভার ক্রসিং-সহ নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংস্থার সদস্য ও ক্যাম্প কমান্ডার পীযূষকান্তি মজুমদারের কথায়, “এটি আমাদের ২৬তম নেচার স্টাডি ক্যাম্প। সাধারণত পাহাড় বা জঙ্গলেই এই ধরনের শিবির করি। তবে ভাবলাম, আমাদের জেলাতেও এমন বহু পরিবেশবান্ধব এলাকা রয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের নিয়ে এসে প্রকৃতির পাঠ দেওয়া যায়। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।”তিনি জানান, জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি আশপাশের এলাকার বহু ছাত্রছাত্রীও ক্যাম্প পরিদর্শনে এসেছে। এলাকার বাসিন্দা, পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নির্বিঘ্নেই চলছে শিবির। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগে জেলার পরিবেশ সম্পর্কে খুদেদের আগ্রহ আরও বাড়বে।






