মোথাবাড়িতে কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েতের চার সদস্য
তৃণমূল সূত্রে দাবি, এই যোগদানের ফলে মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেস কার্যত বড় ধাক্কা খেল।
Truth Of Bengal: মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ধাক্কা। কালিয়াচক–২ ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা ৫২ নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর–১ গ্রাম পঞ্চায়েতের চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, এই যোগদানের ফলে মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেস কার্যত বড় ধাক্কা খেল। উল্লেখযোগ্যভাবে, উত্তর পঞ্চানন্দপুর–১ গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৪টি। এরমধ্যে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ১০টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধান গঠন করেছিল, অন্যদিকে তৃণমূলের দখলে ছিল ৪টি আসন।
কিন্তু বোর্ড গঠনের আড়াই বছর পূর্ণ হওয়ার আগেই চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করায় রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল ঘটল। এদিন তৃণমূলে যোগ দেন গ্রাম পঞ্চায়েত সদস্য মইদা বিবি, তাসলিমা খাতুন, তাহেরা খাতুন ও সাহেব আলি।
এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “৫২ নম্বর বিধানসভা এলাকায় মোট ১১টি অঞ্চলের মধ্যে ১০টিতেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। শুধুমাত্র একটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছিল। সেটাও আজ ভেঙে গেল। ওই অঞ্চলে অনাস্থা এখন শুধু সময়ের অপেক্ষা।” পাশাপাশি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।






