দেশ

বাজেটেই মিলবে সুখবর? ট্রেনের টিকিটে ফের ফিরছে বয়স্কদের ছাড়!

সবকিছু পরিকল্পনা মাফিক চললে আসন্ন বাজেটে বয়স্ক নাগরিকদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা আসতে পারে।

Truth of Bengal: ভারতীয় রেলের প্রবীণ যাত্রীদের জন্য একটি অত্যন্ত স্বস্তির খবর সামনে আসছে। রেলের সংরক্ষিত টিকিটের ওপর আগে যে ছাড় পাওয়া যেত, তা পুনরায় চালু করার বিষয়ে কেন্দ্রীয় স্তরে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রেল মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের মধ্যে এই ছাড় ফেরানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আসন্ন বাজেটে বয়স্ক নাগরিকদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা আসতে পারে।

করোনা মহামারির আগে পর্যন্ত ভারতীয় রেলে ৬০ বছর বা তার বেশি বয়সের পুরুষরা টিকিটের দামে ৪০ শতাংশ এবং ৫৮ বছর বা তার বেশি বয়সের মহিলারা ৫০ শতাংশ ছাড় পেতেন। অতিমারি পরিস্থিতিতে ২০২০ সালে এই সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বছর এই ছাড় ফেরানোর দাবি উঠলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, রেল বর্তমানে যাত্রী পিছু ৪৬ শতাংশ ভর্তুকি দিচ্ছে। তাঁর সেই বক্তব্যের পর ধারণা করা হয়েছিল যে প্রবীণদের এই ছাড় সম্ভবত আর ফিরবে না।

একটি তথ্যের অধিকার আইনে করা আবেদনের প্রেক্ষিতে জানা গিয়েছে, ছাড় বাতিল করার ফলে ২০২০ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত রেলের প্রায় ৮৯১৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। মোটা অঙ্কের এই সাশ্রয় সত্ত্বেও সরকার এখন প্রবীণদের স্বার্থে ছাড় ফেরানোর বিষয়টি বিবেচনা করছে। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং বিশেষ করে প্রবীণদের চিকিৎসার খরচ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে মধ্যবিত্ত ও বয়স্কদের ওপর আর্থিক চাপ অনেকটাই বেড়েছে।

Related Articles