দেশ

ওড়িশায় লাইনচ্যুত এসি কোচ, বড়সড় রেল দুর্ঘটনার কবলে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট!

এই আকস্মিক দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে

Truth of Bengal: ওড়িশার জাজপুর জেলায় বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ জাখাপুরা স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয় ট্রেনটির তিনটি কামরা। রেল সূত্রে জানা গিয়েছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কোচ এবং দুটি অসংরক্ষিত কামরা রেললাইন থেকে ছিটকে যায়।

সকালবেলা এই আকস্মিক দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্বস্তির বিষয় এই যে, এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়া মাত্রই ভদ্রক থেকে রেলের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে কামরা থেকে নামিয়ে আনা হয়েছে। আটকে পড়া যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছাতে সমস্যা না হয়, সেজন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

কী কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রেলের কারিগরি ত্রুটি না কি লাইনে কোনো সমস্যা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়াররা যাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায়।

Related Articles