মাথায় ছিল না হেলমেট, ইকোপার্কের সামনে ডিভাইডারে ধাক্কা লেগে স্কুটি চালকের মৃত্যু
রবিবার সকালবেলা বিশ্ববাংলা গেট থেকে স্কুটি চালিয়ে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি।
Truth Of Bengal: সাতসকালে ইকোপার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুটি চালক। ঘটনাস্থল থেকে জানা যায়, ডিভাইডারে ধাক্কা লাগার পর স্কুটি চালকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছুটির দিনে ইকো পার্কের সামনে এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তিনি বাগুইআটি এলাকার বাসিন্দা। রবিবার সকালবেলা বিশ্ববাংলা গেট থেকে স্কুটি চালিয়ে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। ইকোপার্ক এক নম্বর গেট ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় দ্রুতগতিতে এগোচ্ছে এমন অবস্থায় তাঁর স্কুটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারে ধাক্কা লাগে। এর পর স্কুটি পাল্টি খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যান ত্রিদিপ। পুলিশ জানিয়েছে, তাঁর মাথায় হেলমেট ছিল না এবং মাথা ও বুকে আঘাত লাগার কারণে ঘটনাস্থল রক্তে ভরে ওঠে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রিদিপকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতিতে স্কুটি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে রেলিংয়ে আছড়ে পড়াই মৃত্যুর মূল কারণ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।






