খেলা

রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস জয় বাংলার

আকাশ দীপ ও শাহবাজ আহমেদের হাতে পড়ে শেষ দুই উইকেট।

Truth Of Bengal: রঞ্জি ট্রফিতে নকআউটের টিকিট নিশ্চিত করল বাংলা। সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস ও ৪৬ রানের বড় জয়ে পুরো সাত পয়েন্ট তুলে নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এল লক্ষ্মীরতন শুক্লার দল। এই জয়ের ফলে এখনও পর্যন্ত অপরাজিত থেকেই নকআউটে পৌঁছল বাংলা।শনিবারেই কার্যত ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ফলো-অন করতে নেমে তৃতীয় দিনের শেষে ৮ উইকেটে ২৩১ রান করে সার্ভিসেস, তখনও তারা ১০২ রানে পিছিয়ে। হাতে ছিল মাত্র দুই উইকেট। রবিবার, চতুর্থ দিনের সকালে সেই শেষ লড়াইটুকুও ভেঙে পড়ে। আকাশ দীপ ও শাহবাজ আহমেদের হাতে পড়ে শেষ দুই উইকেট। সার্ভিসেস অল আউট হয় ২৮৭ রানে।

ম্যাচের ভিত গড়ে দেয় বাংলার প্রথম ইনিংস। প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় তোলে বাংলা। দুরন্ত ডাবল সেঞ্চুরি করেন সুদীপ চট্টোপাধ্যায়। ৩২৭ বলে ২০৯ রানের দাপুটে ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন (৮১)। সাত নম্বরে নেমে উইকেটকিপার-ব্যাটার শাকির হাবিব গান্ধী অপরাজিত থাকেন ৯১ রানে। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৫১৯ রানে থামে বাংলা।এত বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সার্ভিসেস। বাংলার পেস আক্রমণের সামনে প্রথম ইনিংসে মাত্র ১৮৬ রানে অল আউট হয়ে যায় তারা। বাঁহাতি পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল একাই নেন চার উইকেট। আকাশ দীপ তুলে নেন তিনটি, মহম্মদ সামির ঝুলিতে যায় দুই উইকেট।

৩৩৩ রানে পিছিয়ে থাকায় ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন অভিমন্যু ঈশ্বরন। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করে সার্ভিসেস। মোহিত আহলাওয়াট করেন ৬২, রজত পাল্লিওয়াল ৮৩। জয়ন্ত গোয়াত অপরাজিত থাকেন ৬৭ রানে। কিন্তু মহম্মদ সামির দাপটের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি প্রতিপক্ষ।দ্বিতীয় ইনিংসে সামি একাই নেন পাঁচ উইকেট, ৫১ রান দিয়ে ভেঙে দেন সার্ভিসেসের মেরুদণ্ড। মুকেশ কুমার পান দুটি উইকেট, বাকিগুলো ভাগ করে নেন আকাশ দীপ ও সুরজরা। শেষ পর্যন্ত সার্ভিসেস অল আউট হয় ২৮৭ রানে।ইনিংস ও ৪৬ রানের জয়ে পুরো সাত পয়েন্ট নিশ্চিত করে নকআউটে পৌঁছে গেল বাংলা। এই ম্যাচটি আরও স্মরণীয় হয়ে রইল অনুষ্টুপ মজুমদারের শততম রঞ্জি ম্যাচের জন্যও। শামি-আকাশদের দাপট আর ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সে রঞ্জিতে বাংলার স্বপ্নযাত্রা আপাতত দুরন্ত ছন্দেই এগোচ্ছে।

Related Articles