চোটের জেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই পেসার
এনজেডসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, আগে থেকেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা কাইল জেমিসনকে এবার মূল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পাওয়ায় তাঁকে দলে রাখা সম্ভব হয়নি। মিলনের পরিবর্তে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয়েছে লম্বা পেসার কাইল জেমিসনকে।গত রবিবার দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও এমআই কেপ টাউনের ম্যাচে প্রথম ওভারেই চোট পান মিলনে। পরে স্ক্যানে ধরা পড়ে তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে বলে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এনজেডসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, আগে থেকেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা কাইল জেমিসনকে এবার মূল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে তিনি নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকবেন।নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার মিলনের চোটে হতাশা প্রকাশ করে বলেন, অ্যাডামের জন্য আমরা সবাই ভীষণই হতাশ। ও এই টুর্নামেন্টের জন্য দারুণ পরিশ্রম করেছিল এবং ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আটটি ম্যাচে নিজের সেরা ফর্মে ফিরছিল।
জেমিসনের উপর পূর্ণ আস্থা রেখেছেন কোচ। ওয়াল্টার বলেন, কাইল ইতিমধ্যেই আমাদের সঙ্গে ভারতে রয়েছে, যা আমাদের জন্য বড় সুবিধা। এই সফরে তরুণ পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে ও। ওর দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বকাপে খুব কাজে আসবে। উল্লেখ্য, কাইল জেমিসনের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যে ক্রিকেটারকে রাখা হবে, সেই নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।


