দিনের শুরুতেই যাত্রী ভোগান্তি! যান্ত্রিক গোলযোগে দীর্ঘক্ষণ ব্যাহত কলকাতা মেট্রোর পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটে ব্যাপক ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।
Truth Of Bengal: বৃহস্পতিবার সপ্তাহের ব্যস্ততম দিনে অফিস টাইমের শুরুতেই ছন্দপতন কলকাতা মেট্রোয়। যান্ত্রিক ত্রুটির জেরে দীর্ঘক্ষণ ব্যাহত রইল ব্লু লাইনের পরিষেবা। এর ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটে ব্যাপক ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে বড়সড় যান্ত্রিক বিভ্রাট দেখা দেয়। এর জেরে দক্ষিণেশ্বরগামী এবং কবি সুভাষগামী ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বিভ্রাটের জেরে মেট্রো চলাচল দুটি খণ্ডে ভাগ করে দেওয়া হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার (টলিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্প্লিট পরিষেবা চালানো হয়। ফলে রবীন্দ্র সদন ও রবীন্দ্র সরোবর স্টেশনের মধ্যবর্তী যাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়েন। বিশেষ করে ময়দান এবং টলিগঞ্জ স্টেশনে ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ায় ভিড় আছড়ে পড়ে রাস্তায়।
দিনের শুরুর দিকে স্কুলপড়ুয়াদের সংখ্যা বেশি থাকায়, হঠাৎ ট্রেন থেকে নেমে যেতে বলায় বিভ্রান্ত হয়ে পড়ে খুদে পড়ুয়ারা। বিকল্প যানবাহনের খোঁজে রাস্তায় ভিড় বাড়ায় অনেকেরই স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। বাস ও ট্যাক্সির জন্য স্টেশনের বাইরে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি মেরামতের কাজ চালানো হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর, সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে অফিস টাইমের শুরুতে এই বিভ্রাটের রেশ কাটতে বেশ কিছুটা সময় লেগে যায়।






