রাজ্যের খবর

অবৈধ কাঠ পাচার রুখল রানীনগর থানা, ধৃত দৌলতাবাদের বাসিন্দা

ই ঘটনায় কাঠ পাচারে ব্যবহৃত পাঁচটি লছিমন গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

Truth Of Bengal: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল রানীনগর থানার পুলিশ। এই ঘটনায় কাঠ পাচারে ব্যবহৃত পাঁচটি লছিমন গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ডারাকাঠি এলাকায় অভিযান চালায়। সেই সময় অবৈধ কাঠ বোঝাই পাঁচটি লছিমন ভ্যানকে আটকানো হয়। পুলিশের গাড়ি দেখতে পেয়ে ভ্যান চালকরা পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকে মজিবুর রহমানকে ধরে ফেলে পুলিশ। ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাছগুলি অবৈধভাবে কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতের বিরুদ্ধে রানীনগর থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথা থেকে এই গাছগুলো কাটা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles