মনোজ তিওয়ারির বাড়িতে দুঃসাহসিক চুরি! গ্রেফতার প্রাক্তন গৃহকর্মী
ঘটনার পর মনোজ তিওয়ারির বর্তমান আপ্তসহায়ক প্রমোদ যোগেন্দ্র পাণ্ডে অম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
Truth Of Bengal: মনোজ তিওয়ারির মুম্বইয়ের ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরের সুন্দরবন অ্যাপার্টমেন্টে থাকা তিওয়ারির বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে তাঁর প্রাক্তন গৃহকর্মীকেই। ইতিমধ্যে ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর মনোজ তিওয়ারির বর্তমান আপ্তসহায়ক প্রমোদ যোগেন্দ্র পাণ্ডে অম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, প্রায় দু’বছর আগে কাজ থেকে বরখাস্ত হওয়া পরিচারক সুরেন্দ্র কুমার দীননাথ শর্মাই এই চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জানা গিয়েছে, বাড়ির চাবির নকল বানানোর অভিযোগে তাকে তখনই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বাড়ির ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা অনুমান করেছেন, অনেক দিন ধরে চুরির পরিকল্পনা করছিলেন সুরেন্দ্র। তাই আগেভাগে বাড়ির চাবির ডুপ্লিকেট বানিয়ে রেখেছিলেন বলে মনে করা হচ্ছে।
এফআইআরের তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাসেও বাড়ির একটি ঘর থেকে ৪ লক্ষ ৪০ হাজার টাকা নিখোঁজ হয়েছিল। সেই ঘটনার পরই ডিসেম্বরে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। প্রমোদের অভিযোগ, সম্প্রতি কাজের সূত্রে বাড়ির বাইরে বেরোনোর কিছু সময়ের মধ্যে তাঁর মোবাইলে সিসিটিভি অ্যালার্ট আসে—বাড়িতে অচেনা কারও উপস্থিতির সংকেত ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নগদ টাকা হাতিয়ে নিচ্ছেন।
এর পর বাড়ির নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হলে তাঁরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। ওই দিন প্রায় ১ লক্ষ টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। পুলিশি জেরায় সুরেন্দ্র নিজের দোষ স্বীকার করেছেন বলে জানা গেছে। তদন্ত চলছে, এবং এর আগে ঘটে যাওয়া টাকার উধাও হওয়ার ঘটনার সঙ্গেও তাঁর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।






