হাতে আর মাত্র কয়েকটা দিন, বাগদেবীর আরাধনায় মাততে সাজ সাজ রব গঙ্গাসাগরে
তবে এই সবের মাঝে সবথেকে বেশি ব্যস্ততা এখন গঙ্গাসাগরের মৃৎশিল্পীদের স্টুডিওগুলোতে।
সৌরভ নস্কর, গঙ্গাসাগর: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে আপামর বাঙালি। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ইতিমধ্য়েই সাজ সাজ রব স্কুল, কলেজ থেকে শুরু করে পাড়ার ক্লাব ও কোচিং সেন্টারগুলিতে। কোথাও প্যান্ডেল বাঁধার কাজ চলছে, তো কোথাও চলছে আলোকসজ্জার প্রস্তুতি। তবে এই সবের মাঝে সবথেকে বেশি ব্যস্ততা এখন গঙ্গাসাগরের মৃৎশিল্পীদের স্টুডিওগুলোতে।

সাগর দ্বীপের কুমোরটুলিগুলিতে এখন দম ফেলার সময় নেই শিল্পীদের। খড় আর কাদা মাটির কাঠামো পেরিয়ে প্রতিমারা এখন রূপ পেয়েছে পূর্ণাঙ্গ অবয়বে। কোথাও চলছে শেষ মুহূর্তের মাটির কাজ, আবার কোথাও শুরু হয়েছে রঙ এবং তুলির টান। শিল্পীরা জানিয়েছেন, গত কয়েক বছরের তুলনায় এবার ফরমায়েশ বেশ ভালো। সাদা বক, রাজহংস আর দেবী সরস্বতীর চিরন্তন রূপ ফুটিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করছেন তাঁরা।

গঙ্গাসাগরের এক প্রবীণ শিল্পী জানান, “সময়ের মধ্যে ঠাকুর ডেলিভারি দিতে হবে। তাই নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সবাই হাত লাগিয়েছি। রঙের কাজ শেষ হলে শুরু হবে ডাকের সাজ ও অলঙ্কার পরানোর পালা।” আবহাওয়া অনুকূলে থাকায় কাজ দ্রুত এগোচ্ছে বলে খুশি শিল্পীরা। এখন শুধু অপেক্ষা মাঘি শুক্লাপঞ্চমীর সেই মাহেন্দ্রক্ষণের, যখন শিল্পীর ঘর থেকে দেবী পাড়ি দেবেন মণ্ডপে মণ্ডপে।






