খেলা

কোহলিকে টপকে বিশ্বরেকর্ড! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নয়া নজির ১৪ বছরের বৈভবের

তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়।

Truth Of Bengal: বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ২৩৮ রান করল ভারত। একসময় ২০০ রানও হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। মাঝের ওভারে দ্রুত উইকেট পড়ে চাপে পড়ে গিয়েছিল দল। সেই চাপ থেকে ভারতকে টেনে তুললেন বাঙালি ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু। তাঁর ৮০ রানের লড়াকু ইনিংস এবং শেষ দিকে দীপেশ দেবেন্দ্রনের অবদানে সম্মানজনক স্কোরে পৌঁছয় ভারত।

এই ম্যাচে আবারও নজর কেড়েছে ১৪ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। ওপেন করতে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন বিহারের বাঁহাতি ব্যাটার। বড় শটের পাশাপাশি দৌড়ে রান নেওয়ার দিকেও নজর ছিল তাঁর। তবে ৬৭ বলে ৭২ রান করে ইকবাল হোসেন ইমনের বলে মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে আউট হন বৈভব। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়।

এই ইনিংসের সুবাদে অনূর্ধ্ব-১৯  একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে টপকে গেলেন বৈভব। যুব ওয়ানডে কেরিয়ারে কোহলির সংগ্রহ ছিল ৯৭৮ রান। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর বৈভবের মোট রান দাঁড়াল ১,০৪৭। মাত্র ২০ ম্যাচে ৫২ গড় এবং ১৫৭.৬৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান।একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যদিও এখনও শীর্ষে রয়েছেন বিজয় জোল (১,৪০৪ রান)। তাঁর পরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (১,৩৮৬), তন্ময় শ্রীবাস্তব (১,৩১৬), শুভমন গিল ও উন্মুক্ত চাঁদ (দু’জনেরই ১,১৪৯ রান)। সরফরাজ খানের রান ১,০৮০।

আপাতত তাঁর ঠিক পিছনেই রয়েছেন বৈভব। চলতি বিশ্বকাপেই আরও উপরে ওঠার সুযোগ রয়েছে ১৪ বছরের এই ব্যাটারের সামনে।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার আয়ুষ মাত্রে (৬), বেদান্ত ত্রিবেদী (০) ও বিহান মলহোত্রা (৭) দ্রুত ফিরে যান। সেই পরিস্থিতিতে বৈভবের সঙ্গে ইনিংস সামলানোর দায়িত্ব নেন অভিজ্ঞান কুণ্ডু। আগের ম্যাচেও অর্ধশতরান করে দলকে জিতিয়েছিলেন তিনি। এ দিন শুরুতে ধীরে খেললেও পরে হাত খুলে খেলতে থাকেন বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছিলেন তিনি। ১১২ বলে ৮০ রান করে আউট হন অভিজ্ঞান। তাঁর ইনিংসে ভর করেই ভারত ২০০ রানের গণ্ডি পার করে।

শেষ দিকে কণিষ্ক চৌহান ও দীপেশ দেবেন্দ্রনের অবদানে ভারতের স্কোর দাঁড়ায় ২৩৮। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি দল। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় ভারত। বৃষ্টির কারণে মাঝপথে খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত আর বড় রান তুলতে পারেনি ভারতীয় দল।টুর্নামেন্ট বদলালেও বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়ের ছবি যে একই থেকে যাচ্ছে, তা ফের একবার প্রমাণিত। ১৪ বছর বয়সেই যুব ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন এই বাঁহাতি ওপেনার।

Related Articles