শহিদদের আত্মবলিদান স্মরণে ম্যারাথন, ঝালদায় ৫ বিপ্লবীর আদর্শে দৌড়ল নতুন প্রজন্ম
সেইসঙ্গে কর্মসূচির শেষ দিন ১৭ জানুয়ারি আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়ের।
Truth Of Bengal: আইন অমান্য আন্দোলনের সময় ঝালদা সত্যমেলায় ব্রিটিশ পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন পাঁচ বিপ্লবী। তাই গোকুল মাহাত, গণেশ মাহাত, মোহন মাহাত, শীতল মাহাত ও সহদেব মাহাতের স্মৃতিতে ঝালদায় অনুষ্ঠিত হল ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়।শহিদ দিবস উপলক্ষে ঝালদা পাঁচ শহিদ সেউরন দঁহগি কমিটির উদ্যোগে ১৫ জানুয়ারি থেকে শুরু হয় স্মরণ কর্মসূচি। ওই দিন শহীদদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল। সেইসঙ্গে কর্মসূচির শেষ দিন ১৭ জানুয়ারি আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়ের।
মাড়ু–মসিনা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে দৌড় শুরু হয়ে পঞ্চ শহীদ মোড়, গোকুলনগরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঝাড়খণ্ডের রাঁচির গুলশান ডুঙডুঙ, দ্বিতীয় হন ঝাড়গ্রামের প্রদীপ মাহাত এবং তৃতীয় হন রঘুনাথপুরের রমেশ বাউরি। উদ্যোক্তা কমিটির সভাপতি পরশুরাম মাহাত জানান, শহিদদের স্মরণ করার পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই কর্মসূচিকে সাধুবাদ জানান ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী যোগেশ্বর মাহাত, সুকুমার মাহাত ও হিমাংশু মাহাত-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ যুবসমাজকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে এবং শহিদদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।






