দেশ

সীমানা পেরিয়ে অসমে সন্দেহজনক বাংলাদেশি বেলুন! প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতার ছক?

পুলিশ সূত্রে জানা গেছে, বেলুনটির গায়ে শুধু স্কুলের নাম নয়, তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু তথ্যও ছিল।

Truth Of Bengal: ভারতের মাটিতে বাংলাদেশি বেলুন দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার অসমের কাছাড় জেলায় স্থানীয়রা অস্বাভাবিকভাবে বড় আকারের একটি বেলুন একটি কৃষিজমিতে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হন। বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার একটি হাই স্কুলের নাম লেখা ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসও পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলুনটির গায়ে শুধু স্কুলের নাম নয়, তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু তথ্যও ছিল। কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অসমে এসেছে এবং এর সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় একাধিক সন্দেহজনক ড্রোন দেখা যায়। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ড্রোনগুলো পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কয়েক মিনিট চক্কর খাওয়ার পর আবার ফিরে যায়। এই ঘটনায় সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

রাজৌরি জেলার নওশেরা সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিট নাগাদ এক ড্রোন নজরে আসে। সেনাবাহিনীর জওয়ানরা সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। একই সময়ে রাজৌরি জেলায় আরেকটি ড্রোনও দেখা যায়। এছাড়া সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরের ওপর দিয়ে কয়েক মিনিট ধরে একটি ড্রোনের মতো বস্তু ঘোরাফেরা করতে দেখা যায়, পরে তা পাকিস্তানের দিকে ফিরে যায়। এর আগেই সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পুঞ্চ জেলার মানকোট সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় আরেকটি ড্রোন দেখা যায়।

এর আগে শুক্রবার রাতে সাম্বা জেলায় পাকিস্তান থেকে আসা ড্রোন থেকে অস্ত্রের একটি ভাণ্ডার উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড। ড্রোনের লাগাতার তৎপরতার কারণে সীমান্তবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

Related Articles