Kolkata Red Road: নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডের রেলিংয়ে সজোরে ধাক্কা লরির! রক্ষা পেল আম্বেদকর মূর্তি
অল্পের জন্য রক্ষা পেয়েছে বিআর আম্বেদকরের মূর্তিটি। এই ঘটনায় লরির চালক গুরুতর আহত হয়েছেন।
Truth of Bengal: সোমবার ভোরে কুয়াশাচ্ছন্ন কলকাতায় ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল রেড রোড। নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি লরি সজোরে ধাক্কা মারল রাস্তার ধারের রেলিংয়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, রেলিংয়ের একটি বড় অংশ ভেঙে চুরমার হয়ে যায় এবং লরিটি দুমড়েমুচড়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে বিআর আম্বেদকরের মূর্তিটি। এই ঘটনায় লরির চালক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে যখন দিনের আলো সবে ফুটছে এবং শহর কুয়াশায় ঢাকা, তখনই দ্রুত গতিতে আসছিল লরিটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি পড়ে যাওয়ায় লরিচালক নিয়ন্ত্রণ হারানোর চেষ্টা করেন। কিন্তু গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সরাসরি রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। কয়েক হাতের ব্যবধানে আম্বেদকরের মূর্তিটি থাকায় বড়সড় ক্ষতির হাত থেকে সেটি বেঁচে যায়। দুর্ঘটনার পর লরির ভেতরেই আটকে পড়েন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়দান থানার পুলিশ ও দমকল বাহিনী। লরির জানলা কেটে অত্যন্ত সাবধানে চালককে উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক ক্ষত থাকায় দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সংকটমুক্ত।
এই দুর্ঘটনার জেরে সপ্তাহের প্রথম দিন সকালেই কলকাতার ব্যস্ততম রেড রোডে যান চলাচল সাময়িকভাবে থমকে যায়। পরে পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নিয়ে রাস্তা পরিষ্কার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল নাকি চালকের অসতর্কতা, তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল যৌথভাবে তদন্ত শুরু করেছে।






