সোমবার ভোরে ভূমিকম্পে কাঁপল অসম, কম্পনের মাত্রা ৫.১
হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু জায়গায় মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
Truth Of Bengal: তীব্র কম্পনে সোমবার ভোরে ঘুম ভাঙে অসমবাসীর। ভোররাতেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু জায়গায় মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের মরিগাঁও জেলা এবং কম্পনের কেন্দ্রস্থল মাটির প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে।
মরিগাঁও ছাড়াও গুয়াহাটি, নগাঁও এবং মধ্য অসমের বিস্তীর্ণ এলাকায় কয়েক সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। ঘুমের মধ্যেই কম্পন টের পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অত্যন্ত সংবেদনশীল ‘কপিলী ফল্ট লাইন’ অঞ্চলে। এই ফল্ট লাইনের আশপাশে অতীতেও একাধিক শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার ফলে এলাকাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়।
উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারত ও অসম দেশের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। যদিও এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।






