কলকাতা

রাজপথে প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে একঝাঁক তারকারা

ইডি তদন্ত চলাকালীন আইপ্যাক দফতরে সশরীরে ঢুকে পড়ে সবুজ ফাইল ও ল্যাপটপ উদ্ধার করে মমতা যে সাহসিকতা দেখিয়েছিলেন, আজকের মিছিলে সেই মেজাজই লক্ষ্য করা গেল।

Truth Of Bengal: বৃহস্পতিবার আইপ্যাক (I-PAC) দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে যে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তার প্রতিবাদে আজ রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি-র এই অভিযানকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের রণনীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবেই দেখছে শাসকদল। শুক্রবার দুপুর গড়াতেই নিজের দলের সাংসদ, বিধায়ক এবং একঝাঁক তারকাকে পাশে নিয়ে এক বিশাল প্রতিবাদী মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী। ইডি তদন্ত চলাকালীন আইপ্যাক দফতরে সশরীরে ঢুকে পড়ে সবুজ ফাইল ও ল্যাপটপ উদ্ধার করে মমতা যে সাহসিকতা দেখিয়েছিলেন, আজকের মিছিলে সেই মেজাজই লক্ষ্য করা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রাজপথ থেকেই পাল্টা লড়াইয়ের ডাক দিলেন তিনি।

যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মহামিছিলের গন্তব্য হাজরা মোড়। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সারিতে পা মেলালেন তৃণমূলের তারকা সাংসদ ও বিধায়করা। দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, জুন মালিয়া এবং লাভলি মৈত্রদের দিদির পাশে একাসনে হাঁটতে দেখা যায়। এছাড়াও ছোট পর্দার জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা, সৌমিত্রিশা এবং সোহেলও শামিল হয়েছেন এই প্রতিবাদে। দলের যে কোনো কঠিন সময়ে বা দিদির ডাকে এই তারকারা যে সর্বদা পাশে থাকেন, এদিনের উপস্থিতি ছিল তারই এক বলিষ্ঠ প্রমাণ।

মিছিলকে কেন্দ্র করে তারকাদের মধ্যেও বিশেষ হৃদ্যতা লক্ষ্য করা গেছে। হাঁটা শুরু হওয়ার ঠিক আগে দেব এবং বাবুল সুপ্রিয়কে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়; তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলাপচারিতাও চলে। কাঞ্চন মল্লিককেও দেখা যায় সায়নী ও দেবের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে। তৃণমূল সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলার মানুষের গণতান্ত্রিক লড়াই এবং তৃণমূলের নির্বাচনী কৌশলকে স্তব্ধ করার চেষ্টা করছে বিজেপি। সেই অন্যায়ের বিরুদ্ধেই এই দীর্ঘ পদযাত্রা এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles