Egra Municipality: সরকারি জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার এগরার পুরপ্রধান স্বপন নায়েক
পুলিশ সূত্রে খবর, সরকারি খতিয়ানের জমি অবৈধভাবে হাতবদল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Truth of Bengal: বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। শুক্রবার রাতে এগরা থানার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে খবর, সরকারি খতিয়ানের জমি অবৈধভাবে হাতবদল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তরের একটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করেই পুলিশ স্বপনবাবুকে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।
এই ঘটনার সূত্রপাত গত ২০ ডিসেম্বর। ওই দিন এগরার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে জানানো হয়েছিল, পুর এলাকার অন্তর্গত ১ নম্বর খতিয়ানের সরকারি জমি নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর করেছেন পুরপ্রধান। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং গতরাতে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এগরা জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরপ্রধানের এই গ্রেফতারির নেপথ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েনও বর্তমান। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপন নায়ককে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মাধ্যমে সেই নির্দেশ পৌঁছালেও তিনি পদ ছাড়েননি। এর পরবর্তী সময়ে তৃণমূলের ছয় জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। অভিযোগ উঠেছে যে, তৃণমূলের টিকিটে জিতলেও নিজের পদ বাঁচাতে তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন।
এর আগে আস্থা ভোটের দিন স্বপন নায়েকের বিরুদ্ধে রাতের অন্ধকারে বহিরাগতদের নিয়ে পুরসভায় প্রবেশের অভিযোগ তুলেছিল তৃণমূল নেতৃত্ব। সেই বিশৃঙ্খলার জেরে ভোটাভুটি স্থগিত হয়ে যায়। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই ভূমি সংস্কার দপ্তরের অভিযোগের ভিত্তিতে পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এগরার রাজনীতিতে স্বপন নায়েকের সমর্থনে এবং বিরুদ্ধে পোস্টার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, যা এই গ্রেফতারির পর নতুন মাত্রা পেল।






