উন্নাও কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিনের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
দিল্লি হাইকোর্টের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
Truth Of Bengal: উন্নাও ধর্ষণকাণ্ডে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। দিল্লি হাইকোর্টের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার এই মামলার শুনানি হয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, কুলদীপ সিঙ্গার ইতিমধ্যেই একটি পৃথক মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছেন। এই পরিস্থিতিতে তাকে এমন কোনও ‘স্বস্তি’ দেওয়া সম্ভব নয়। এছাড়াও আদালত তাকে নোটিস পাঠিয়েছে, যাতে সিবিআইয়ের আপত্তি সম্পর্কে তিনি নিজের বক্তব্য জানাতে পারেন।
উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাওয়ের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সিঙ্গার ও তাঁর সহযোগী শশীর বিরুদ্ধে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ আনে। তদন্তে উঠে আসে অপহরণ, ধর্ষণ, ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ। ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেফতার করা হয় এবং তাকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়। আদালত পকসো আইনসহ একাধিক ধারায় চার্জ গঠন করে, এবং শেষ পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় দিল্লির আদালত।
তবে গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কুলদীপের যাবজ্জীবন সাজা মকুব করে ১৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। এ সিদ্ধান্তের পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্যাতিতা, তাঁর মা এবং মানবাধিকার কর্মীরা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ করেন। নির্যাতিতার অভিযোগ, “কুলদীপ ছাড়া আমরা নিরাপদ নই। তিনি আমার বাবাকে খুন করিয়েছেন। আমাদের প্রাণহানির আশঙ্কা আছে।” এই কারণে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেয়।






