মালকানগিরিতে ২ কোটি টাকার পুরস্কার নিয়ে আত্মসমর্পণ ২২ জন মাওবাদীর
আত্মসমর্পণকারীদের মধ্যে একজন ডিভিশনাল কমিটি মেম্বার এবং একজন এরিয়া কমিটি মেম্বার রয়েছেন।
Truth Of Bengal: মঙ্গলবার ওডিশার মালকানগিরি এলাকায় অস্ত্রসহ ২২ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীরা সবাই ছত্তিসগড়ের বাসিন্দা। তাঁদের কাছ থেকে গুলি-বোমা এবং বন্দুকও বাজেয়াপ্ত হয়েছে। আত্মসমর্পণকারীদের মধ্যে একজন ডিভিশনাল কমিটি মেম্বার এবং একজন এরিয়া কমিটি মেম্বার রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মাওবাদীদের কাছ থেকে একটি AK-47, দুটি ইনসাস রাইফেল, তিনটি 3 নট 3 রাইফেল, দুটি সিঙ্গল শটসহ মোট ৯টি বন্দুক বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও ১৫০টি কার্তুজ এবং ২০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আত্মসমর্পণকারীদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে ওডিশা পুলিশের পক্ষ থেকে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি টাকা দেওয়া হচ্ছে, যার কারণে মাওবাদীরা ওডিশাতে এসে আত্মসমর্পণ করেছেন বলে অনুমান করা হচ্ছে। ২০০৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্টেট, ডিভিশনাল এবং এরিয়া কমিটি মেম্বার মিলিয়ে মোট ৬১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।
এই ২২ মাওবাদীর মধ্যে রয়েছেন ছত্তিসগড়ের সুকমা জেলার ডিভিশনাল কমিটি মেম্বার লিনজে বা মিয়ার মাড়কম (৪৫) এবং দান্তেওয়াড়া জেলার এরিয়া কমিটি মেম্বার বামন মাড়কম (২৭)। আত্মসমর্পণের পুরস্কার হিসেবে ওডিশা পুলিশ এই ২২ জনকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে।






