দেশ

লাইন ভেঙে বৃশিঙ্খলা, প্রতিবাদ করায় যাত্রীর মুখ ফাটালেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট

অঙ্কিত দিওয়ান নামে ওই যাত্রী সমাজমাধ্যমে নিজের রক্তাক্ত মুখের ছবি পোস্ট করে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন।

Truth of Bengal: লাইনের বিশৃঙ্খলা নিয়ে প্রতিবাদ করায় এক যাত্রীর মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ঘটা এই নজিরবিহীন ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। অঙ্কিত দিওয়ান নামে ওই যাত্রী সমাজমাধ্যমে নিজের রক্তাক্ত মুখের ছবি পোস্ট করে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন। অভিযোগের গুরুত্ব বিচার করে অভিযুক্ত পাইলটকে ইতিমধ্যেই কাজ থেকে অব্যাহতি দিয়েছে বিমান সংস্থা।

অঙ্কিত জানান, ঘটনার সময় তাঁর সঙ্গে স্ত্রী এবং দুই শিশুকন্যা ছিল, যাদের মধ্যে একজনের বয়স মাত্র চার মাস। কোলের শিশু থাকায় বিমানবন্দর কর্মীরাই তাঁদের আধিকারিকদের জন্য বরাদ্দ বিশেষ সিকিউরিটি জোন ব্যবহারের পরামর্শ দেন। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন কয়েকজন যাত্রীকে লাইন ভেঙে এগোতে দেখে প্রতিবাদ করেন অঙ্কিত। অভিযোগ, সেই সময় ক্যাপ্টেন বীরেন্দ্র নামে এক পাইলট তাঁকে অশিক্ষিত বলে গালিগালাজ শুরু করেন। বচসা চরমে উঠলে ওই পাইলট অঙ্কিতকে শারীরিক নিগ্রহ করেন, যার জেরে তাঁর মুখ ফেটে রক্ত ঝরতে থাকে।

মারধরের পাশাপাশি অঙ্কিত আরও এক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ঘটনার পর তাঁকে জোর করে একটি মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। তাতে বলা ছিল যে, ভবিষ্যতে তিনি এই বিষয়ে কোনও আইনি পদক্ষেপ করবেন না। সপরিবার ভ্রমণে বের হওয়া অঙ্কিত জানান, তাঁর ১.২০ লক্ষ টাকা খরচ হয়ে যাওয়ায় এবং সন্তানদের কথা ভেবে তিনি সেই সময় মুচলেকা দিতে বাধ্য হন। দিল্লি পুলিশকে ট্যাগ করে তিনি প্রশ্ন তুলেছেন, দিল্লি ফেরার আগেই কি সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলা হবে?

বিষয়টি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নজরে আসতেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রকের বার্তার ভিত্তিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওই অভিযুক্ত পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Related Articles