খেলা

দ্বিতীয় ম্যাচেও জয় পেল না এফসি মেদিনীপুর ও বর্ধমান ব্লাস্টার্স

অন্যদিকে, বর্ধমান ব্লাস্টার্সও প্রথম ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে ১-২ গোলে পরাজিত হয়েছিল।

Truth Of Bengal: বেঙ্গল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। বোলপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়। প্রথম ম্যাচে হারের পর দুই দলের কাছেই এই ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ, কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল।প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে ১-৩ গোলে হেরে যায় এফসি মেদিনীপুর। সেই ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুদীপ কুমার দাস।

অন্যদিকে, বর্ধমান ব্লাস্টার্সও প্রথম ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে ১-২ গোলে পরাজিত হয়েছিল। ফলে বৃহস্পতিবারের ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে।ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। একের পর এক সুযোগ তৈরি হলেও দুই দলের ফিনিশিংয়ে ঘাটতি দেখা যায়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে এগিয়ে যায় বর্ধমান ব্লাস্টার্স। পেনাল্টি বক্সের বাইরে থেকে মেবেঙ্গুর নেওয়া দুর্দান্ত শট জালে জড়িয়ে যায়। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় এফসি মেদিনীপুর।

দ্বিতীয়ার্ধে ফের আক্রমণের ঝাঁজ বাড়ায় মেদিনীপুর। প্রতিপক্ষের রক্ষণে বারবার চাপ সৃষ্টি করে তারা। সেই চাপের ফল মেলে ম্যাচের ৬৩ মিনিটে। সোমনাথের গোলে সমতায় ফেরে এফসি মেদিনীপুর। এরপর দুই দলই জয়সূচক গোলের খোঁজে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর গোল আসেনি।ফলে ১-১ গোলে ড্রয়ের মধ্য দিয়ে বেঙ্গল সুপার লিগে পয়েন্টের খাতা খুলল দুই দলই। দুটি ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে লিগ টেবিলে যথাক্রমে ষষ্ঠ স্থানে বর্ধমান ব্লাস্টার্স এবং সপ্তম স্থানে রয়েছে এফসি মেদিনীপুর। দু’টি ম্যাচেই পরাজিত হয়ে এখনও পয়েন্টহীন কোপা টাইগার্স বীরভূম রয়েছে লিগের তলানিতে। অন্যদিকে, টানা দু’টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মগডালে সুন্দরবন বেঙ্গল অটো এফসি।