Rachna Banerjee: “অত্যন্ত দুর্ভাগ্যজনক!” যুবভারতীতে মেসি-কাণ্ড নিয়ে মুখ খুললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
তাঁর মতে, বহু মানুষ ফুটবল সম্রাটকে একঝলক দেখার আশা নিয়ে মাঠে এসেছিলেন, কিন্তু অব্যবস্থাপনার কারণে তাঁদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে।
রাকেশ চক্রবর্তী, হুগলি: যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে তিনি সাধারণ দর্শকদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মতে, বহু মানুষ ফুটবল সম্রাটকে একঝলক দেখার আশা নিয়ে মাঠে এসেছিলেন, কিন্তু অব্যবস্থাপনার কারণে তাঁদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে।
সাংসদ এদিন মনে করিয়ে দেন যে, এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে দুঃখপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বিষয়টিকে স্পষ্টভাবেই মিস ম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার বা প্রশাসন কেউই এমন অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না এবং এই অভিজ্ঞতার কথা কেউ কল্পনাও করতে পারেনি।
মুম্বাই ও হায়দরাবাদের সফল আয়োজনের প্রসঙ্গ টেনে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ওই শহরগুলোতে যেভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। সঠিক পরিকল্পনা থাকলে দর্শকরা অনেক ভালোভাবে মেসিকে চাক্ষুষ করতে পারতেন। মূলত ভিআইপি-দের আধিক্য এবং দর্শকদের বসার ব্যবস্থার ত্রুটির কারণেই জনবিক্ষোভ তৈরি হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সবশেষে সাংসদ আশ্বস্ত করেছেন যে, এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন আগামী দিনে আরও সতর্ক থাকবে। ভবিষ্যতে যাতে এ ধরনের বড় মাপের অনুষ্ঠান আয়োজনে কোনো ফাঁকফোকর না থাকে এবং জনস্বার্থ সুরক্ষিত থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। আপাতত সরকার গঠিত তদন্ত কমিটি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির কাজ করছে।




