বাংলাদেশি নৌবাহিনী জাহাজের ধাক্কায় ডুবল ট্রলার, নিখোঁজ পাঁচ মৎস্যজীবী
ওই ট্রলারে ছিলেন মোট ১৬ জন মৎস্যজীবী। তার মধ্যে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে আসা হয় নামখানায়।
লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভারতীয় জলসীমায় ঢুকে রাতের অন্ধকারে আলো নিভিয়ে ভারতীয় ট্রলারে ধাক্কা বাংলাদেশি নৌবাহিনী জাহাজের। দুর্ঘটনার পরেই ওই ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ছিলেন মোট ১৬ জন মৎস্যজীবী। তার মধ্যে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে আসা হয় নামখানায়।
ট্রলারে থাকা পাঁচ মৎস্যজীবী এখনও নিখোঁজ। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান চালানো হচ্ছে। সন্ধান চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দু’টি জাহাজ গভীর সমুদ্র তল্লাশি চালাচ্ছে। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। এফবি পারমিতা দশ’ নামে ট্রলারটি ড়ুবে যায়। ওই ট্রলারে বাংলাদেশি নৌসেনার জাহাজ ধাক্কা মারে। ধাক্কা মেরে পালিয়ে যায় বাংলাদেশ নৌসেনার জাহাজটি। বাংলাদেশের নৌসেনার এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। ডুবে যাওয়া ট্রলার এফবি পারমিতা ১৩ ডিসেম্বর নামখানার খেয়াঘাট থেকে ১৬ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যায়।
ভারত ও বাংলাদেশ জলসীমানায় কাছাকাছি যখন মৎস্য শিকার করছিল, তখন বাংলাদেশি নৌবাহিনী তাদের জাহাজের লাইট বন্ধ করে এসে ওই মৎস্যজীবী ট্রলারটিকে ধাক্কা মারে বলে জানা যায়। ১১ জনকে উদ্ধার করা গেলেও পাঁচজনকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।




