Truth Of Bengal: লিওনেল মেসির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত সাক্ষাৎ আপাতত বাতিল হয়ে গেল। জানা গিয়েছে, দিল্লিতে দু’জনের সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও মেসি ভারতে আসার আগেই বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালেই তিনি জর্ডনের উদ্দেশে দেশ ছাড়েন। ফলে সেই বৈঠক আর হচ্ছে না।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে লিওনেল মেসির সাক্ষাৎ হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি কয়েক জন সাংসদের সঙ্গেও তাঁর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ কয়েক জন তারকা ক্রীড়াবিদ এবং নিখাত জারিন, সুমিত আন্টিলের মতো অ্যাথলিটদের সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে বলে জল্পনা চলছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, মেসির সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নিতে কেউ কেউ এক কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন। দিল্লিতে তাঁর থাকার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে বিলাসবহুল লীলা প্যালেস হোটেল। ইতিমধ্যেই ওই হোটেলকে হাই সিকিউরিটি জোন ঘোষণা করা হয়েছে। মেসি কোন ঘরে থাকবেন, সেই তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। ওই হোটেলেই মিট অ্যান্ড গ্রিট হওয়ার কথা থাকলেও তার নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশ্যে আসেনি।
কলকাতায় যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনার পর দিল্লিতে মেসির সফর ঘিরে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। দিল্লির ভয়াবহ দূষণ ও কুয়াশার কারণে উড়ান চলাচল ব্যাহত হচ্ছে। তার জেরে মেসির বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে দিল্লিতে নামবে বলে জানা গিয়েছে। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীতে যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
সফরের একেবারে শেষ পর্বে লিওনেল মেসি অরুণ জেটলি স্টেডিয়ামে যাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন অনুরাগীরা। সব কর্মসূচি শেষ করে সোমবার গভীর রাতেই ভারত ছাড়ার কথা রয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকার।






