দেশ

হয়রানির জন্য দুঃখ প্রকাশ, যাত্রীদের ক্ষতিপূরণ বাবদ ৫০০ কোটি টাকা ফেরত দেবে ইন্ডিগো

এই যাত্রীদের সকলেরই টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

Truth Of Bengal: দেশজুড়ে উড়ান বাতিলের ঘটনায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল ইন্ডিগো। শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক পোস্টে সংস্থার তরফে জানানো হয়, ডিসেম্বরের ৩, ৪ ও ৫ তারিখে যেসব যাত্রীর উড়ান নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টার মধ্যে বাতিল হয়েছে, তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। এই যাত্রীদের সকলেরই টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

ইন্ডিগো জানিয়েছে, বাতিল হওয়া উড়ানের যাত্রীদের দ্রুত ও ঝামেলামুক্ত রিফান্ড দেওয়াই এখন সংস্থার প্রধান লক্ষ্য। এই রিফান্ড প্রক্রিয়ায় মোট প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। আগামী জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত ক্ষতিপূরণের টাকা যাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অনেক যাত্রী এর মধ্যেই রিফান্ড পেয়ে গেছেন। সংস্থার দাবি, ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ যাত্রীর কাছে রিফান্ড পৌঁছে যাবে।

এদিকে, উড়ান বিভ্রাট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে ইন্ডিগোর বিমান পরিষেবা। শনিবার দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ২,০০০টি উড়ান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে সংস্থার। কোম্পানির নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে নির্ধারিত সময়েই সমস্ত উড়ান চলবে বলে জানানো হয়েছে।

বর্তমানে ইন্ডিগো যেসব ১৩৮টি গন্তব্যে পরিষেবা দেয়, সেগুলির সবকটিতেই বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার ১,৯৫০টিরও বেশি উড়ান পরিচালনা করেছে সংস্থাটি, যার মধ্যে মাত্র চারটি উড়ান বাতিল হয়েছে। ওই চারটি উড়ান খারাপ আবহাওয়ার কারণেই বাতিল করতে হয়েছে বলে জানানো হয়।

উড়ান বিভ্রাটের প্রকৃত কারণ খতিয়ে দেখা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিজেদের ব্যবস্থাপনা আরও মজবুত করতে তৎপর ইন্ডিগো। সেই লক্ষ্যে সংস্থার তরফে মার্কিন বিমান চলাচল বিশেষজ্ঞ জন ইলসনকে নিয়োগ করা হয়েছে, যিনি পুরো বিষয়টি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

Related Articles