কলকাতারাজ্যের খবর

রাজ্যে পথশ্রী প্রকল্পে বড় উদ্যোগ, শীঘ্রই উদ্বোধন হবে ৯ হাজার কিমির বেশি গ্রামীণ রাস্তা

এই বিশাল কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই সব জেলাশাসককে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Truth Of Bengal: “পথশ্রী” প্রকল্পে রাজ্যের বৃহৎ উদ্যোগ। দ্রুত গোটা রাজ্যে ৯ হাজার কিলোমিটারের বেশি নয়া গ্রামীণ রাস্তার উদ্বোধন করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পথশ্রী কর্মসূচির অংশ হিসেবে এই কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে। এই বিশাল কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই সব জেলাশাসককে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রত্যেক ব্লকে যেখানে নতুন রাস্তা উদ্বোধন হবে, সেখানে জনপ্রতিনিধিদের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। উদ্বোধনকে ঘিরে যথাযথ প্রচারের জন্য সব এলাকায় হোর্ডিং, ফ্লেক্স ও প্রচার সামগ্রী লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে গ্রামে গ্রামে নতুন যে রাস্তা তৈরি হবে, তার মোট খরচ, রাস্তার দৈর্ঘ্য এবং তৈরি হতে কত সময় লেগেছে,এসব তথ্য রাস্তার শুরু ও শেষে বোর্ডে উল্লেখ করতে হবে, এমনটাই নবান্ন সূত্রে খবর। শনিবার জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থ এই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত দপ্তর শিগগিরই এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন জেলাগুলিকে পাঠাবে।

Related Articles