দেশ

Diwali UNESCO: ইউনেস্কোর স্বীকৃতি পেতে চলেছে দীপাবলি! দিল্লিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক অধিবেশন

এই প্রথমবার ইউনেস্কোর এই ধরনের আন্তর্জাতিক অধিবেশন ভারতে আয়োজিত হচ্ছে।

Truth of Bengal: ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও কোটি মানুষের আবেগের উৎসব দীপাবলি (দেওয়ালি) এবার ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেতে চলেছে। আগামী ১০ ডিসেম্বর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আগামী ৮ ডিসেম্বর নয়াদিল্লিতে শুরু হতে চলেছে ইউনেস্কোর শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের আন্তর্জাতিক অধিবেশন। এই প্রথমবার ইউনেস্কোর এই ধরনের আন্তর্জাতিক অধিবেশন ভারতে আয়োজিত হচ্ছে। ঐতিহাসিক লালকেল্লার অভ্যন্তরে অনুষ্ঠিত হতে চলেছে এই ছয় দিনের গুরুত্বপূর্ণ সম্মেলন।

৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অধিবেশনে দীপাবলির মনোনয়ন পর্যালোচনা করা হবে এবং তার পরই ১০ ডিসেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা হতে পারে। এর আগে ভারতের দুর্গাপূজা, গুজরাটের গরবা, কুম্ভমেলা এবং যোগ ইউনেস্কোর ঐতিহ্যবাহী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আলোকের এই উৎসব। এই আন্তর্জাতিক অধিবেশনে বিশ্বের প্রায় ১৮০টি দেশের হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কমিটির সদস্য, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, ইউনেস্কোর কর্তাব্যক্তি এবং স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে— বিশ্বজুড়ে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দেশের উদ্যোগ, ঐতিহ্যবাহী স্থাপত্য ও শিল্পকলার সুরক্ষা, আঞ্চলিক প্রথার সুরক্ষায় আন্তর্জাতিক তহবিল গঠন এবং আগামী দিনের পরিকল্পনা। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই প্রসঙ্গে বলেন, “ভারতে এমন মর্যাদাপূর্ণ অধিবেশনের আয়োজন আমাদের জন্য গর্বের। এর ফলে ইউনেস্কোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।” তাঁর দাবি, এই সম্মেলনের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী হবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রভাবও বাড়বে। মন্ত্রী আরও জানান, বিশ্বের সামনে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও সমৃদ্ধ পর্যটন শিল্প তুলে ধরার এটিই সেরা মঞ্চ। দীপাবলি ইউনেস্কোর স্বীকৃতি পেলে ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক মর্যাদায় এক নতুন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হবে।

Related Articles